Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৫ বছর ধরে দুর্গাপুরের একাধিক আবাসনে চুরি, অবশেষে পুলিসের জালে যুবক

কাধিক আবাসনে চুরি। তারপর আবার সেই বাড়িতে চিঠি লিখে টাকা চেয়ে দেওয়া হতো প্রাণনাশের হুমকি।

৫ বছর ধরে দুর্গাপুরের একাধিক আবাসনে চুরি, অবশেষে পুলিসের জালে যুবক
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, দুর্গাপুর: একাধিক আবাসনে চুরি। তারপর আবার সেই বাড়িতে চিঠি লিখে টাকা চেয়ে দেওয়া হতো প্রাণনাশের হুমকি। একই এলাকায় ২০-র অধিক আবাসনে চুরি করেছিল সে। ওই চোরকে ধরতে নাজেহাল অবস্থা হয় পুলিসের। প্রায় পাঁচ বছর পর অবশেষে মঙ্গলবার দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। সে ওই থানা এলাকার এমএএমসি টাউনশিপের আবাসনগুলিতে গত পাঁচ বছর ধরে চুরি করেও পার পেয়ে যাচ্ছিল। তবে, একটি আবাসন থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরির ঘটনার তদন্ত শুরু করতেই পুলিসের জালে ধরা পড়ে ওই চোর। ধৃতের নাম দীপঙ্কর রানা(৩২)। সে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর স্নাতক পাশ করে ২০১২ সালে কাজের সন্ধানে দুর্গাপুরে আসে। সে ওই থানা এলাকায় বিওজিএল কলোনিতে পরিত্যক্ত আবাসন দখল করে বসবাস করতো। বাড়িতে তার স্ত্রী রয়েছে। করোনাকালে লকডাউনের সময় থেকে সে চুরি করে সংসার চালানো শুরু করে। প্রতিদিন সকালে ব্যাগে খাবার ও হাতুরি সহ যন্ত্রাংশ নিয়ে বেরিয়ে পড়তো এলাকার আবাসনগুলিতে রেইকি করতে। যে আবাসিকরা আবাসনে তালা বন্ধ করে অনুপস্থিত রয়েছেন। সেই সব আবাসনগুলি সে টার্গেট নিত। স্ত্রীকে জানাতো বাড়ি বাড়ি বাগান পরিষ্কার করে দিনমজুরির কাজ করে। বেশ চলেছিল তার।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বছর ওই এলাকার একজন আবাসিক তুষার চৌধুরীর আবাসনে চুরি হয় ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন। তিনি আবাসনে ফিরে চলতি বছর জানুয়ারিতে পুলিসে অভিযোগ দায়ের করেন। আরও একজন আবাসিক চুরির অভিযোগ করেন। চুরি করা মোবাইল ট্র্যাক করে পুলিস চলতি মাসের ১১ তারিখ দীপঙ্করকে গ্রেপ্তার করে। গৃহস্থদের হুমকির চিঠির হাতের লেখা আর দীপঙ্করের হাতের লেখা মিলে যেতেই পুলিসের কাছে এই চোরের পর্দাফাঁস হয়ে যায়। থানার ইনচার্জ নাশরিন সুলতানা তদন্ত শুরু করে বেশ কয়েকটি বাড়ির চুরি করা জিনিসপত্র তার বাড়ি থেকে উদ্ধার করে। রুপোর বাসন, ৪টি টিভি, ল্যাপটপ, মোবাইল, এটিএম কার্ড ও বেশকিছু ডলার সহ বহু জিনিসপত্র উদ্ধার করে। মঙ্গলবার দীপঙ্করের কীর্তি পুলিস সাংবাদিকদের সামনে পেশ করে।
আসানসোলে-দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে দীপঙ্কর একাই ঠাণ্ডামাথায় এই কাজ করতো। তাকে হেফাজতে নিয়ে ঘটনাগুলির তদন্ত চলছে।

সম্পর্কিত সংবাদ