


নয়াদিল্লি: জঙ্গি যোগের সন্দেহে গ্রেপ্তার দিল্লির যুবক রিজওয়ান আহমেদ। অভিযোগ, আইএসআইএসের সঙ্গে যোগ রয়েছে তার। উত্তরপ্রদেশের কুশীনগর থেকে গ্রেপ্তার করে দিল্লিতে আনা হয়েছে তাকে। পুলিশের দাবি, গোপনে নাশকতার ছক কষছিল রিজওয়ান।
দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা (এটিস)-র যৌথ অভিযানে ধরা পড়েছে রিজওয়ান। তার ডেরা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও গোপন নথি। পুলিশের অনুমান, রিজওয়ানের কাজ ছিল যুবকদের মগজধোলাই করে তাদের ‘জঙ্গি’ বানানো। জঙ্গি কার্যালাপে যুক্ত হওয়ার উৎসাহ দিত সে। তার ডেরা থেকে জেহাদি সাহিত্যও উদ্ধার হয়েছে। তবে ঠিক কী ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল রিজওয়ান তা স্পষ্ট নয়। তার সঙ্গে আর কতজন যুক্ত রয়েছে, জানতে জিজ্ঞসাবাদ চালাচ্ছে পুলিশ।
তবে এই প্রথম নয়। দশ বছর আগেও জঙ্গি যোগের অভিযোগে মুম্বই থেকে গ্রেপ্তার হয় রিজওয়ান। সেবারও তার ডেরা থেকে বিস্ফোরক উদ্ধার হয়। মোবাইল ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন রিজওয়ানের সঙ্গে আইএসের যোগ রয়েছে। ২০২৩ সাল অবধি জেলেই ছিল রিজওয়ান। তবে জেল থেকে বেরিয়ে ফের নিজের নেটওয়ার্ক মজবুত করে সে। গোয়েন্দারা বরাবরই তাকে নজরে রেখেছিল। তাই বড়ো কোনো নাশকতার পরিকল্পনা সফল করার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।