অজিত দোভালের এজেন্ট পরিচয়ে প্রতারণার ফাঁদ, বিহারে ধৃত যুবক
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: পেশায় আইএএস আধিকারিক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ‘আন্ডারকভার এজেন্ট’। সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর নিত্যদিন ওঠাবসা। ভুয়ো পরিচয় ও এমনই সব ভুলভাল তথ্য ছড়িয়ে দিনের পর দিন প্রতারণার অভিযোগ। সাধারণ মানুষকে ধমকে-চমকে লুটেছেন বিপুল পরিমাণ টাকা। রবিবার অভিযানে নেমে বিহারের খাগড়িয়া থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মণীশ গুপ্তা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিলাসবহুল গাড়ি, লিটার লিটার মদ, একাধিক আইফোন, ল্যাপটপ, ক্রেডিট কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। খাগড়িয়ার গোগড়ি থানার জামালপুরের বাসিন্দা মণীশ। বহুদিন ধরেই ভুয়ো পরিচয় দিয়ে বিহারের নানা প্রান্তে মানুষজনকে বোকা বানিয়েছেন। আমজনতার টাকা লুটে ক্রমে ফুলে ফেঁপে উঠেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার অভিযান চালায় পুলিশ। বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তারপরই মণীশকে গ্রেপ্তার করা হয়। মণীশের বিলাসবহুল বাড়িতে সুইমিং পুল রয়েছে। সেখান থেকে কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement