নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৫ বছরের এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করায় নাবালিকার বাবাকেও মারধরের অভিযোগ উঠেছে। দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ির পুলিশ অভিযুক্ত সাজ্জাদ মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কদম্বগাছির বাসিন্দা সাজ্জাদ বেশ কিছুদিন ধরেই নাবালিকাকে উত্ত্যক্ত করত। পরে তাকে বিয়ের প্রস্তাব দেয় সে। নাবালিকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অভিযোগ, এরপরেই নাবালিকার শ্লীলতাহানি করে সাজ্জাদ। বিষয়টি জানতে পেরে নাবালিকার বাবা যুবকের কাছে কৈফিয়ত চান এবং ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ, তখনই তাঁকে মারধর করা হয়। এরপর গোটা ঘটনার বিবরণ জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন।