সংবাদদাতা, বনগাঁ: অন্যের নামে সিম তুলে ব্যবহার করে দেশজুড়ে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম মজনু মণ্ডল ওরফে সুজন। বাগদা থানার বেয়াড়ার বাসিন্দা সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ২৫টি বিভিন্ন কোম্পানির বেনামি সিম কার্ড উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়। বেয়াড়ায় ধৃত যুবকের মোবাইল সরঞ্জামের দোকান রয়েছে। অভিযোগ, গ্রামের বাসিন্দারা মোবাইলের সিম কিনতে এলে তাঁদের আধার কার্ডের নম্বর ও আঙুলের ছাপ দিয়ে সিম তুলে নিত। কিন্তু প্রকৃত মালিককে সেই সিম দিত না। নানা অজুহাতে জানিয়ে দিত সিম তোলা যায়নি পরে আসতে হবে। এরপর সেই সিম কার্ড অপরাধ চক্রের সদস্যদের কাছে চড়া দামে বিক্রি করত অভিযুক্ত। ওই চক্রের সদস্যরা অন্যের নামে সিম কার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক প্রতারণা সহ নানা অপরাধ সংগঠিত করত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার থানায় হওয়া একটি আর্থিক প্রতারণা মামলার তদন্তে নেমে একটি সিম কার্ডের হদিশ মেলে। এরপর মজনুর বিষয়টি সামনে আসে। পুলিশের অনুমান, ধৃত যুবকের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে। বড়োসড়ো কোনো চক্র এর সঙ্গে যুক্ত বলেও অনুমান পুলিশের। ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে বিষয় গুলি জানার চেষ্টা করছে পুলিশ।



