Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুরের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতপুরে টোটো চুরির চেষ্টার অভিযোগে আটক যুবক

চুরি করা টোটো নিয়ে দ্রুতগতিতে এলাকা ছেড়ে চম্পট দেওয়ার চেষ্টা এক যুবকের।

জঙ্গিপুরের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতপুরে টোটো চুরির চেষ্টার অভিযোগে আটক যুবক
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: চুরি করা টোটো নিয়ে দ্রুতগতিতে এলাকা ছেড়ে চম্পট দেওয়ার চেষ্টা এক যুবকের। কিন্তু বেপরোয়া গতির জেরে সেই টোটোর ধাক্কায় আহত হল দুই খুদে পড়ুয়া। মঙ্গলবার সকালে জঙ্গিপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের এনায়েতনগরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত যুবকের নাম মানু শেখ। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার আলের উপরে। ক্ষুব্ধ জনতার হাতে উত্তমমধ্যম খেল অভিযুক্ত যুবক। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। অভিযুক্তের কামড়ে আহত হয় একাধিক উদ্ধারকারীকেও। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুদ্ধু মণ্ডলের একটি টোটো রাস্তা থেকে হঠাৎই উধাও হয়ে যায়। বাড়ির সামনে রাখা টোটোটি দেখতে না পেয়ে হন্যে হয়ে খোঁজ শুরু করেন তিনি। ঠিক সেই সময়েই খবর আসে, পাশের গ্রাম এনায়েতনগরে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি টোটোকে সজোরে ধাক্কা মেরেছে। দুর্ঘটনায় দ্বিতীয় টোটোটিতে থাকা দুই শিশু ছাত্র গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জঙ্গিপুরে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পালাতে চেষ্টা করতেই চালককে ধরে ফেলে পথচলতি মানুষ। ঠিক সেই মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছান টোটো-মালিক বুদ্ধু মণ্ডল। তিনি নিজের টোটোটি শনাক্ত করতেই আসল ঘটনা জানাজানি হয়ে যায়। চুরির খবর পেয়ে নিমেষের মধ্যে ক্ষিপ্ত জনতা ঘিরে ফেলে মানুকে। শুরু হয় গণধোলাই। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে অভিযুক্ত যুবক একের পর এক গ্রামবাসীকে কামড়াতে শুরু করে। অভিযুক্তের কামড়ে আশঙ্কাজনকভাবে জখম হন একাধিক ব্যক্তি।
খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত মানু শেখকে জনতার হাত থেকে ছাড়িয়ে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জখমদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। টোটো মালিক বুদ্ধু মণ্ডল বলেন, টোটোটি বাড়ির সামনে রেখে একটু ভেতরে গিয়েছিলাম। এসে দেখি গাড়ি নেই। খোঁজাখুঁজি করে এনায়েতনগরে এসে দুর্ঘটনাগ্রস্ত টোটোটি আমার বলেই চিনতে পারি। পুলিশ কঠোর শাস্তি দিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ