Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সেক্টর ফাইভের অফিসপাড়ায় অপহরণ, সন্ধ্যায় উদ্ধার যুবক, মাত্র ২ ঘণ্টায় কিনারা, আটক ৪

দিনের বেলায় সল্টলেক সেক্টর ফাইভের অফিসপাড়া থেকে অপহরণ করা হল এক যুবককে। রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয় তাঁকে।

সেক্টর ফাইভের অফিসপাড়ায় অপহরণ, সন্ধ্যায় উদ্ধার যুবক, মাত্র ২ ঘণ্টায় কিনারা, আটক ৪
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দিনের বেলায় সল্টলেক সেক্টর ফাইভের অফিসপাড়া থেকে অপহরণ করা হল এক যুবককে। রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয় তাঁকে। প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়েই তদন্তে নামে পুলিশ। তারপর মাত্র ২ ঘণ্টার মধ্যেই কিনারা হল অপহরণ কাণ্ডের। সন্ধ্যায় অপহৃতকে যুবককে উদ্ধার করেছে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সিসি ক‌্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্ত করা হয়। গাড়ির ভিতরে থাকা চারজনকে আটক করা হয়েছে। রাতেই তাদের নিয়ে আসা হয়েছে থানায়। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিকেল ৫টা নাগাদ। সেক্টর ফাইভের অফিসপাড়ায় একটি মলের সামনে ওই যুবকের বাইক পার্কিং করা ছিল। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, তিনি বাইক নিয়ে বের হওয়ার সময় চারজন এসে তাঁর পথ আটকায়। তাদের নির্দেশে বাইকটি ফের পার্কিং করা হয়। তারপর তাদের মধ্যে একজন কারও সঙ্গে ফোনে কথা বলে। সঙ্গে সঙ্গে একটি চারচাকার গাড়ি চলে আসে। শেষমেশ মারধর করার পর ওই যুবককে গাড়িতে তুলে চম্পট দেয় অভিযুক্তরা। প্রত্যক্ষদর্শীরাই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ফোন করে পুরো বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ অফিসাররা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করা হয়। আশপাশের সমস্ত থানায় খবর দেওয়া হয়।
বাইকের নম্বর প্লেট থেকে পুলিশ অপহৃত যুবকের নাম জানতে পারে। সন্ধ্যা ৭টার পর নদীয়ার হরিণঘাটায় গাড়িটি দেখা যায়। পুলিশ গাড়িটি আটক করে। ভিতর থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। আটক করা হয় অভিযুক্তদের। বিধাননগরের এক পুলিশ আধিকারিক বলেন, যারা তুলে নিয়ে গিয়েছিল, তারা অপহৃত যুবকের কাছে টাকা পেত। সেই কারণেই অপহরণ বলে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ