নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্টি শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে এক তরুণীকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে অন্য একটি গাড়িতে থাকা তরুণদের বিরুদ্ধে। রবিবার ভোররাতে গিরিশ পার্ক এলাকায় দু’পক্ষই গাড়ি থেকে নেমে নিজেদের মধ্যে গোলমালে জড়ায়। এরপর ওই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গিরিশ পার্ক থানা শ্লীলতাহানির কেস রুজু করে অভিষেক সাউ, অঙ্কিত সাউ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উইকএন্ড পার্টিতে গিয়েছিলেন তাঁরা। রাতভর পার্টি করে ভোরের দিকে বাড়ি ফিরছিলেন। অভিযোগকারিণী তাঁর বন্ধুদের সঙ্গে একটি গাড়িতে ছিলেন। লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, ধর্মতলার আগে থেকেই তাঁদের গাড়িটি অনুসরণ করছিল অন্য একটি গাড়ি। ওই গাড়িতে তিন যুবক ছিল। অভিযোগ, দু’টি গাড়ি পাশাপাশি
চলে এলে ওই গাড়ির যুবকরা তরুণীকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করে। তিনি প্রতিবাদ করলেও তাতে কাজ হয় না। গিরিশ পার্কের কাছে অভিযুক্তদের গাড়িটি আটকানো হয়। সেখান থেকে তিনজন নেমে আসে। তরুণী ও তাঁর বন্ধুরাও নেমে আসেন গাড়ি থেকে। কেন অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছে, তা জানতে চাইলে অভিযুক্তরা তর্ক জুড়ে দেয়। এমনকি, তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তিনি থানায় ফোন করে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় গিরিশ পার্ক থানার পুলিশ। দু’পক্ষকেই থানায় নিয়ে আসা হয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলা রুজু করে তিন যুবককে গ্রেপ্তার করা হয়।