নিজস্ব প্রতিনিধি, বরানগর: রহস্যজনকভাবে সাত সকালে আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে বরানগরের একটি আবাসনে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ইশা সাউ (২৪)। কীভাবে তিনি ছাদ থেকে নীচে পড়ে গেলেন, তিনি আত্মহত্যা করলেন নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে, খতিয়ে দেখছে পুলিশ। তবে এদিন রাত পর্যন্ত তরুণীর পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই থানা সূত্রে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগরের নবীনচন্দ্র দাস রোডের এক আবাসনে থাকতেন তরুণী। একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তাঁর আসল বাড়ি কলকাতার ফুলবাগান এলাকায়। শনিবার রাতে ওই আবাসনের ফ্ল্যাটে একাই ছিলেন তিনি। রবিবার সকাল ছ’টা নাগাদ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান কেউ কেউ। বাইরে এসে তাঁরা যুবতীর রক্তাক্ত দেহ দেখে হকচকিয়ে যান। দ্রুত চলে আসে বরানগর থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সাতসকালে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে এই ঘটনা আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য আছে, আত্মহত্যা হলে তারই বা কারণ কী—এসব নিয়ে জল্পনা চলছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, উপর থেকে পড়ে ঘটনাস্থলেই যুবতীর মৃত্যু হয়। মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছে। কি কারণে এই ঘটনা বুঝতে যুবতীর মোবাইল ফোন খতিয়ে দেখার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ।