


সংবাদদাতা, বিষ্ণুপুর: মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে পালিয়ে বিষ্ণুপুর স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক যুবতীকে উদ্ধার করলেন আরপিএফ ও যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রূপসী বাংলা ট্রেন থেকে নেমে বাঁকুড়া-শালতোড়া থানা এলাকার বাসিন্দা ওই যুবতী সটান ইঞ্জিনের সামনে গিয়ে ঝাঁপ দিতে উদ্যত হন। ওই সময় ট্রেনের যাত্রীদের নজরে আসে। তাঁদের চিৎকার শুনে আরপিএফ কর্মীরা দ্রুত সেখানে চলে যান। সেইসঙ্গে ওই যুবতীকে আটকে রাখেন। তখন ‘বাঁচতে চাই না’ বলে যুবতী চিৎকার শুরু করেন। যাত্রীদের সহযোগিতায় আরপিএফ কর্মীরা মেয়েটিকে কোনওরকমে নিরস্ত করে অফিসে নিয়ে যান। পরে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। শনিবার তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
বিষ্ণুপুর আরপিএফের ওসি অজিত কুমার পাল বলেন, শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর স্টেশনে রূপসী বাংলা ট্রেন থামার পর ইঞ্জিনের সামনে ওই যুবতী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে যাত্রীদের সহায়তায় আরপিএফ কর্মীরা তাঁকে উদ্ধার করেন। তাঁকে কাউন্সেলিং করানো হয়। তারপর শনিবার তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ওই যুবতীর বাবা বলেন, শুক্রবার দুপুরে স্ত্রী’র সঙ্গে মেয়ের ঝগড়া হয়েছিল। এরপরেই মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করি। সন্ধান না পাওয়ায় শালতোড়া থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। সন্ধ্যার পর বিষ্ণুপুরে মেয়েকে পাওয়া গিয়েছে বলে জানানো হয়। সেইমতো শনিবার সকালে বিষ্ণুপুরে গিয়ে মেয়েকে নিয়ে আসি। আরপিএফ কর্মীরা তাঁকে উদ্ধার করেছেন। এর জন্য আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রূপসী বাংলা ট্রেন বাঁকুড়ার দিক থেকে এসে বিষ্ণুপুরে থামে। অন্য যাত্রীদের সঙ্গে শালতোড়া থানা এলাকার এক যুবতীও নামেন বিষ্ণুপুরে। এরপরেই তিনি দৌড়ে ইঞ্জিনের সামনে চলে আসে। প্লাটফর্ম থেকে সটান রেল লাইনে নেমে পড়েন। তাঁকে দেখে অন্যান্য যাত্রীরা চিৎকার করতে থাকেন। তখনই আরপিএফ কর্মীরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে ওই যুবতীকে লাইন থেকে তুলে আনেন।
যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের মেয়ে দু’বছর আগে দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন এক যুবকের শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন। থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই কারণে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তারও করে। কিন্তু ওই ঘটনা নিয়ে স্থানীয়দের কাছ থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে নানা কটুক্তি সহ্য করতে হচ্ছে। এনিয়ে মায়ের সঙ্গে মেয়ের মনোমালিন্য হয়। তার জেরেই মায়ের সঙ্গে রাগ করে গত শুক্রবার ওই তরুণী বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিষ্ণুপুরে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।