Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

পুজোর আগেই ‘ফিট’ চাই, তরুণ-তরুণীদের ঢল জিমে

পুজোর ঢাকে কাঠি পড়তে এখনও কিছুটা সময় বাকি। তার আগেই শরীরচর্চায় জোর দিচ্ছেন শহরের ছেলে-মেয়েরা।

পুজোর আগেই ‘ফিট’ চাই,  তরুণ-তরুণীদের ঢল জিমে
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: পুজোর ঢাকে কাঠি পড়তে এখনও কিছুটা সময় বাকি। তার আগেই শরীরচর্চায় জোর দিচ্ছেন শহরের ছেলে-মেয়েরা। পুজোর সময় নিজেকে আরও ফিট ও আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই জিমমুখী হয়েছেন অনেকেই। ফলে দুর্গাপুজোর অনেক আগে থেকেই কৃষ্ণনগর শহরের বিভিন্ন জিমে বাড়তে শুরু করেছে ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সের যুবক-যুবতীদের শরীরচর্চায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।

Advertisement

শহরের একাধিক জিমে গিয়ে দেখা যায়, কেউ ডাম্বেল তুলে বাইসেপ ও ট্রাইসেপের ব্যায়াম করছেন, কেউ বেঞ্চ বসে শরীরচর্চা করছেন। আবার কেউ লেগ প্রেস, ট্রেডমিল কিংবা অন্যান্য আধুনিক যন্ত্রের সাহায্যে নিয়মিত ওয়ার্কআউট করছেন। ছেলে-মেয়েদের পাশাপাশি অনেকেই ওজন নিয়ন্ত্রণ, পেশি গঠন এবং শরীরকে সুস্থ-সবল রাখার লক্ষ্যেও নিয়মিত জিমে আসছেন।
জিম কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অন্যান্য সময়ের তুলনায় পুজোর প্রায় দু’মাস আগে থেকেই নতুন সদস্যদের সংখ্যা বাড়তে শুরু করে। পুরনো সদস্যদের পাশাপাশি অনেক নতুন মুখও জিমে আসছেন। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে শরীরচর্চা নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো। শুধু পুজোর সময় ভালো দেখানোর জন্য নয়, দীর্ঘমেয়াদে সুস্থ থাকার লক্ষ্যেও অনেকে নিয়মিত শরীরচর্চাকে নিজেদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলছেন।
শরীরচর্চাকারীদের মধ্যে একতা চৌধুরী, শ্বেতা গোমস ও প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন, পুজোর আগে নতুন পোশাক পরার পাশাপাশি নিজেদের ফিটনেস নিয়েও বিশেষ নজর রাখি আমরা । তাই শেষ মুহূর্তে নয়, বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই শরীরচর্চা শুরু করেছি আমরা। একটি জিমের মালিক গুড়িয়া শর্মা বলেন, পুজোর সময় শরীর ফিট রাখতে এখন অনেকেই জিমে  আসেন। কারও লক্ষ্য ওজন কমানো, কারও আবার পেশি গঠন। কেউ বা দীর্ঘদিনের অনিয়ম কাটিয়ে স্বাস্থ্যকর জীবনযাপনে ফিরতে চাইছেন।ফলে পুজোর প্রস্তুতি এখন শুধু নতুন পোশাক, সাজসজ্জা কিংবা প্যান্ডেল ঘিরে সীমাবদ্ধ নেই। তার সঙ্গে তাল মিলিয়ে শরীর ও স্বাস্থ্য নিয়েও সচেতনতা বাড়ছে নতুন প্রজন্মের মধ্যে। শহরের জিমগুলিতে বাড়তে থাকা ভিড় যেন সেই পরিবর্তিত মানসিকতারই ছবি তুলে ধরছে। 
                              নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ