বেঙ্গালুরু: ২২ বছরের তরুণীর রহস্যমৃত্যু ঘিরে নয়া মোড়। গত ১৩ জুন বেঙ্গালুরুর একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। একই ঘর থেকে তাঁর প্রেমিক চন্দন ওরফে চন্দ্রশেখরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনিও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে পুরো ঘটনাটি সাজানো। খুনের প্রমাণ লোপাট করতেই চন্দন বিষ খাওয়ার নাটক করেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভবানী এস। বেঙ্গালুরুতে তিনি একটি মোবাইলের শোরুমে কাজ করতেন। চন্দনের সঙ্গে সম্পর্ক তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। পরিবারকে না জানিয়ে গত বছর গোপনে তাঁরা বিয়েও করেন। এদিকে চন্দন বিবাহিত। তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও একটি সন্তান রয়েছে। গত ১৩ জুন ভবানীর মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে। তাঁর পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় চন্দনের সঙ্গে একটি ছবি দেখতে পান। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে চন্দন ছবিটি পোস্ট করেছিলেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন ভবানীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ভবানীকে বিষ খেয়ে আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়েছিল চন্দন। সেইমতো বিষ খেয়ে নেয় ওই তরুণী। কিন্তু বিষ খাওয়ার পর বমি করে দেন। এরপর চন্দন তখন তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। বিষয়টি ধামাচাপা দিতে তিনিও সামান্য পরিমাণে বিষ খেয়ে নেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দন বেঁচে যান। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।