নয়াদিল্লি: নতুন আইফোনের দাম নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া সরগরম। তবে দামের তোয়াক্কা না করেই শুক্রবার ভোররাত থেকে দেশের একাধিক শহরে দেখা গেল অ্যাপলের নতুন ফোন কেনার লম্বা লাইন। কেউ বা রাতভর যাত্রা করে ফোন কিনতে পৌঁছেছেন অন্য শহরে, কেউ বা সোনা বেচে কিনলেন ফোন। দিনভর এমনই টুকরো টুকরো ছবি দেখা গেল দেশের বিভিন্ন প্রান্তে।
নয়ডার অ্যাপল স্টোরের সামনে দাঁড়িয়ে এক যুবক দাবি করলেন, তিনি গয়না বেচে স্ত্রীর জন্য আইফোন ১৮ প্রো কিনেছেন। বলেন, ‘স্ত্রীর জন্য ফোন কিনতে এসেছি। সোনা বিক্রি করে ফোন কিনছি।’ কেন এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আজ টাকা আছে, আগে ছিল না। কাল থাকবে কি না, জানি না। যা হবে দেখা যাবে।’
অন্যদিকে নতুন আইফোন কিনতে পাঞ্জাব থেকে নয়ডার স্টোরে এসেছিলেন গুরদিতা সিং নামের এক যুবক। ভোর ৬টা থেকে লাইন দিয়ে নিজের ও বাগদত্তার জন্য দুটি আইফোন ১৮ প্রো ম্যাক্স কেনেন তিনি। এদিন স্টোরের প্রথম ক্রেতাও গুরদিতা। উচ্ছ্বসিত ওই যুবক বলেন, ‘প্রথম ব্যক্তি হিসাবে আইফোনের এই মডেল হাতে পেলাম। এর জন্যই পাঞ্জাব থেকে এসেছি।’ অন্য এক মহিলা ক্রেতা বলেন, ‘আজ আইফোন ১৮ প্রো কিনলাম। হংকংয়ের এক বন্ধুকে বলে রেখেছি। অক্টোবর মাসে সে আমার জন্য আইফোন ডুয়ো নিয়ে আসবে।’ ছবি: পিটিআই