Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে বাড়িতে ঢুকে যুবককে পিটিয়ে খুন! গ্রেপ্তার ২

বাড়িতে ঢুকে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। নিউটাউনের বালিগড়ি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

নিউটাউনে বাড়িতে ঢুকে যুবককে পিটিয়ে খুন! গ্রেপ্তার ২
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়িতে ঢুকে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। নিউটাউনের বালিগড়ি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় যুক্ত বাকিদের খোঁজ চলছে। এক পুলিশ আধিকারিক বলেন, এই খুনের ঘটনায় যুক্ত সবাইকে গ্রেপ্তার করা হবে। কাউকে রেয়াত করা হবে না। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কবিরুল লস্কর (২৮)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই ঘটনা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ৬ মার্চ দুপুরে। মৃত যুবকের বাড়ি টেকনোসিটি থানার অন্তর্গত নিউটাউনের বালিগড়িতে। বেলা ৩টে নাগাদ ঘরেই কাজে ব্যস্ত ছিলেন কবিরুল। সেই সময় আচমকা একদল লোক তাঁর বাড়িতে ঢুকে পড়ে। তাদের হাতে লোহার রড, ধারালো ছুরি সহ হামলার অন্যান্য জিনিসপত্র ছিল। হামলাকারীরাও ওই গ্রামের বাসিন্দা। অভিযোগ, কবিরুলকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। প্রচুর রক্তক্ষরণ হয়। ওই দিনই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। 
এই ঘটনার পরদিন অর্থাৎ, ৭ মার্চ টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে পুলিশ আচিরুদ্দিন লস্কর এবং নূরজামান লস্কর নামে দু’জনকে গ্রেপ্তার করেছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে কবিরুলের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, খুনের চেষ্টার মামলা আগেই হয়েছিল। সেই পুরানো মামলার সঙ্গে ইতিমধ্যে খুনের ধারা যুক্ত করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ