Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মেসিকে চিঠি লিখে খুদে ভক্তর স্বপ্নপূরণ

৮ বছরের মানু মেসিকে চিঠি লিখে বিশ্বকাপ দেখার আমন্ত্রণ পেল। খুদে ফুটবলারের স্বপ্নপূরণে নেটিজেনরা মুগ্ধ। বিস্তারিত পড়ুন।

মেসিকে চিঠি লিখে খুদে ভক্তর স্বপ্নপূরণ
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুয়েনস আইরেস: দু’চোখ মায়াভরা। কচি মুখে সারল্য। ঠোঁটের কোণে দুষ্টুমিষ্টি হাসি। ৮ বছরের মানু লিতভিকে ঘিরে আর্জেন্তাইন মিডিয়া গরগরম। মানুর কাহিনি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল সাইটের আনাচে-কানাচে। নেহাত গল্প নয়, এ যে গল্প হলেও সত্যি।

Advertisement

আর্জেন্তিনোস জুনিয়র্সের খুদে ফুটবলার মানু। আরো অনেকের মতোই লায়োনেল মেসির ফ্যান। ২৪ জুন মেসির জন্মদিনে খোলা চিঠি লিখেছিল মানু। জনপ্রিয় অনলাইন চ্যানেলের শো’তে সেই চিঠি পড়েও শোনায় এই খুদে ফুটবলার। প্রতিটা লাইনে মানুর মনের কথা শুনে নেটিজেনরা মুগ্ধ। ঠিক কী লিখেছে একরত্তি? ‘প্রিয় লিও, তোমার জন্মদিনে একরাশ শুভেচ্ছা জানাই। এই চিঠি নিশ্চয়ই পৌঁছে যাবে তোমার কাছে।’ চিঠির বাকি অংশেও কচি মনের উষ্ণতা মাখামাখি। মানু লিখেছে, ‘তুমি মাঠের জাদুকর। সতীর্থদের সাহায্য করো সবসময়। কঠিন পরিস্থিতিতে হাল ছেড়ে দাও না কখনো। আমার স্বপ্ন বড়ো হয়ে পেশাদার ফুটবলার হওয়া। ঘুমোতে যাওয়ার আগেও সেই প্রার্থনা করি।’ মানুর সারল্য ভরা চিঠি অনেকের চোখে জল এনে দিয়েছিল। নিমেষে তা ব্যাপক সাড়া ফেলে। এরপরের ঘটনা রীতিমতো নাটকীয়। সম্প্রচারকারী সংস্থার মাধ্যমে মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মেসির বাণিজ্যিক সংস্থা। জানা যায়, মানু ও তার পরিবারকে বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে। মায়ামিতে আর্জেন্তিনা বনাম কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবে খুদে ফুটবলার। বাকি দৃশ্যটুকু কল্পনা করাই যায়। গ্যালারি জুড়ে নীল-সাদা তরঙ্গ। হাজার হাজার সমর্থকের ‘মেসি-মেসি’ গর্জন। রিনরিনে গলা ফুলিয়ে তাতে শামিল হবে মেসির খুদে ভক্তও।
এদিকে, মায়ামিতে পা রাখার আগে আর্জেন্তিনা শিবিরে আরও এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বুধবার কানসাস সিটি থেকে ফ্লোরিডায় পা রাখেন মেসিরা। তবে বিমানবন্দরে চেকিংয়ের সময় ক্রিশ্চিয়ান রোমেরোর ব্যাগ থেকে পাওয়া যায় লাইটার, যা মূলত ব্যবহার করা হল ওভেন জ্বালাতে। তা দেখার পরেই হাসি চাপতে পারেননি খোদ মেসি। পাশে থাকা ডে পলকে সঙ্গে নিয়েই লেগ পুল করেন রোমেরো। এমনকি, বৃহস্পতিবার অনুশীলনেও সেই নিয়ে ওঠে হাসির রোল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ