নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে চলছে ‘স্বনির্ভর বাংলা’ শিবির। মঙ্গলবার শিবিরের তৃতীয় দিনেও ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন জমা দেওয়ার জন্য তুমুল উৎসাহ চোখে পড়ল। তৃতীয় দিনে এসে দেখা যাচ্ছে, ‘যুবসাথী’ প্রকল্পে যুবতীদের থেকে তিনগুণ বেশি আবেদন জমা পড়েছে যুবকদের। মঙ্গলবার দুপুর পর্যন্ত যুবসাথী প্রকল্পে মোট আবেদনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ২৮ হাজার ৪৬৪। তার মধ্যে ১২ লক্ষ ৬৭ হাজার ৬টি আবেদন যুবকদের। আর বাকি ৪ লক্ষ ৬১ হাজার ৪৫৮টি আবেদন যুবতীদের। যুবক-যুবতী ছাড়াও ‘অন্যান্য’ ক্যাটিগরিতে প্রায় আড়াই হাজার আবেদন জমা পড়েছে।
২১ থেকে ৪০ বছর পর্যন্ত মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প নিয়ে এসেছে রাজ্য। প্রথম দিন থেকেই এনিয়ে উৎসাহ চোখে পড়ছে। শিবিরের প্রথম দিনেই মোট আবেদনের সংখ্যা ছড়িয়েছিল পাঁচ লক্ষ। তবে তিন দিনের মাথায় এসে পরিষ্কার হল, যুবতীদের থেকে যুবকরা অধিক সংখ্যায় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করছেন। কিন্ত এর কারণ কী? অভিজ্ঞ আমলাদের মতে, ২৫ বছর হলেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। এই শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনও গ্রহণ করা হচ্ছে। সেই কারণে মূলত ২১ বছর থেকে ২৫ বছর বয়সের মধ্যে থাকা মহিলাদেরই ‘যুবসাথী’র সুবিধা পাওয়ার আগ্রহ বেশি থাকবে। সেই কারণেই যুবতীদের তুলনায় যুবকদের মধ্যে এই প্রকল্প নিয়ে উৎসাহ বেশি দেখা যাচ্ছে বলে মত রাজ্যের পদস্থ কর্তাদের।
এদিকে, মঙ্গলবার দুপুরে আবেদন পড়ার সঙ্গে সঙ্গে যাচাই প্রক্রিয়া চালানো নিয়ে বৈঠক হয়েছে। যোগ্য প্রাপক যাতে কোনোভাবেই বাদ না পড়েন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে একজন আবেদনকারী অন্য কোনো ভাতা পাচ্ছেন কি না, তা ভালোভাবে মিলিয়ে দেখতে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য ভাতা প্রাপকদের তালিকার সঙ্গে আবেদনকারীদের তথ্য মিলিয়ে দেখা হবে। অনলাইনে আসা আবেদন যাচাই প্রক্রিয়াও একই সঙ্গে চালানো হবে বলে ঠিক হয়েছে।