Bartaman Logo
১ জুলাই, ২০২৬

ফোন নম্বর গোপন রেখে চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপেও

হোয়াটসঅ্যাপে এবার ফোন নম্বর গোপন রেখে চ্যাট করা যাবে ইউজারনেমের মাধ্যমে। নিরাপত্তা রক্ষায় নতুন ফিচারটি কেন গুরুত্বপূর্ণ, বিস্তারিত জানুন।

ফোন নম্বর গোপন রেখে চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপেও
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফোন নম্বর গোপন রেখেও পাঠানো যাবে মেসেজ। তাও আবার হোয়াটসঅ্যাপে। প্রয়োজন হবে ‘ইউজারনেম’-এর। সম্প্রতি এমনই ফিচারের কথা ঘোষণা করেছে মেটা। যদিও আপাতত বিষয়টি ঐচ্ছিক। 

Advertisement

সাধারণত ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যক্তিগত ফোন নম্বর ছাড়াই অন্যদের মেসেজ পাঠানো যায়। চাইলে সম্পূর্ণ গোপন রাখা যায় ফোন নম্বরও। তবে হোয়াটসঅ্যাপে এতদিন সেই সুযোগ ছিল না। এখানে চ্যাট করতে গেলে ব্যবহারকারীর ফোন নম্বর আবশ্যক। তবে আগামীতে এই বাধ্যবাধকতা শিথিল হতে চলেছে। সৌজন্যে মেটার নয়া ‘ইউজারনেম’ ফিচার। সংস্থার দাবি, ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা রক্ষার জন্যই এই ফিচার তৈরি করা হয়েছে। লক্ষ্য—প্ল্যাটফর্মটিকে একটি ‘সুপারঅ্যাপ’-এ পরিণত করা।
এই ফিচারের সবচেয়ে বড়ো সুবিধা, ব্যবহারকারী নিজের পছন্দের বা একান্ত প্রয়োজন রয়েছে এমন কাউকে নিজের ব্যক্তিগত নম্বর দেখাতে পারবেন। বাকিদের সঙ্গে কথা বলার জন্য শুধু ইউজারনেমই যথেষ্ট। এছাড়া গ্রুপ চ্যাটে যুক্ত হওয়ার সময় বা প্রথমবার কাউকে মেসেজ পাঠানোর সময় আর স্বয়ংক্রিয়ভাবে ফোন নম্বর দেখা যাবে না। ব্যবহারকারী নিজে শেয়ার না করা পর্যন্ত নম্বর গোপনই থাকবে। ব্যবহারকারীরা ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে একটি শব্দ বা নাম বেছে নিতে পারবেন। যা ইউনিক হওয়া আবশ্যক। ব্যবহারকারীদের সুবিধার্থে ইউজারনেম জেনারেটরও থাকবে হোয়াটসঅ্যাপে।
মেটা জানিয়েছে, এই ফিচার মূলত গোপনীয়তা রক্ষার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয় তৈরির জন্য নয়। অর্থাৎ এখানে কোনো সার্চ ডিরেক্টরি থাকবে না। ফেসবুকের মতো স্রেফ নাম জানলেই কাউকে হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যাবে না। কারও সঙ্গে প্রথমবার যোগাযোগ করতে গেলে তাঁর সঠিক ‘ইউজারনেম’ জানতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা একটি ‘ইউজারনেম কি’-ও সেট করতে পারবেন, যার মাধ্যমে কে যোগাযোগ করতে পারবে, তা নিয়ন্ত্রণ করাও সম্ভব। এই সুবিধা চালু করতে হলে ব্যবহারকারীকে নিজের স্মার্টফোনে থাকা হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। সবথেকে নতুন ভার্সনটিতেই আপাতত এই সুবিধা চালু হয়েছে। এরপর সেটিংস অপশনে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সেখানেই থাকবে ইউজারনেম বাছাই করার অপশন। মেটা আরও জানিয়েছে, নিরাপত্তা ও ভুয়ো পরিচয়ের ঝুঁকি কমাতে কিছু নির্দিষ্ট ইউজারনেম সংরক্ষিত রাখা হচ্ছে। বিশেষ করে সেলিব্রিটি, জননেতা বা সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নামগুলি।

Advertisement
সম্পর্কিত সংবাদ