Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যুব ফুটবলে জয়ী দুই প্রধান

যুব ফুটবলে জয়ী দুই প্রধান
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার আইএসএলের মিনি ডার্বি। তার আগে জুনিয়রদের মিনি ডার্বিতে জিতল ইস্ট বেঙ্গল। শুক্রবার জুনিয়র লিগে মহমেডান স্পোর্টিংকে ২-১ গোলে হারায় লাল-হলুদ ব্রিগেড। কামালগাজির নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে ইস্ট বেঙ্গলের দুই গোলদাতা চাঁদ ক্ষেত্রপাল ও রমিত দাস। অন্যদিকে মহমেডানের হয়ে স্কোরশিটে নাম তোলে শাহিদ তরফদার। অন্যদিকে, বড় জয় পেল মোহন বাগান। বিধাননগর স্পোর্টস অ্যাকাডেমিকে ৪-১ গোলে হারায় তারা। গোলদাতা যথাক্রমে জয় চক্রবর্তী, সন্দীপ কর্মকার, রোহিত বর্মন ও শাহিদ চৌধুরী। বয়সভিত্তিক প্রতিটি লিগেই দাপট দেখাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। পরিকল্পনামাফিক সাপ্লাই লাইন গড়ে তোলার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যেই ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা। 
Advertisement
এদিকে, শুক্রবার সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে জমকালো সংবর্ধনা দিল আইএফএ। প্রতিটি সদস্যের হাতে তুলে দেওয়া হয় সোনার লকেট। পাশাপাশি বিসিরায় ট্রফি, জাতীয় গেমসে ব্রোঞ্জজয়ী মহিলা দল ও বিশ্ববিদ্যালয় ফুটবলে বিজয়ী অ্যাডামাস ইউনিভার্সিটিকেও আলাদাভাবে সংবর্ধিত করা হয়। আইএফএ কর্তাদের উদ্যোগে খুশি সবাই। কর্তা, একঝাঁক প্রাক্তন ফুটবলার ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। 
Advertisement
সম্পর্কিত সংবাদ