লন্ডন: লর্ডসে ইতিহাস গড়লেন যস্তিকা ভাটিয়া। ঐতিহাসিক ভেন্যুতে প্রথম মহিলাদের টেস্টে শতরান করলেন তিনি। যস্তিকার ১৫৮ বলে ১১৩ রানের ইনিংসের সুবাদেই ইংল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ভারত। তিন নম্বরে নামা বাঁ-হাতি ব্যাটার মারেন ১৪টি চার। ২৫ বছর বয়সির দাপটেই দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৪১ তুলে ডিক্লেয়ার দেয় টিম ইন্ডিয়া। ফলে লিড দাঁড়ায় ৪৫৬। রবিবার সকালে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। মাত্র ১ রান যোগ করে ফেরেন স্মৃতি মান্ধানা (৭০)। জেমাইমা রডরিগেজ (৩), ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর (১৬), দীপ্তি শর্মা (১০) বেশিক্ষণ থাকেননি। তবে রিচা ঘোষ নট আউট থাকেন ৫০ রানে। ইংল্যান্ডের সফলতম বোলার সোফি এক্লেস্টোন (৫-১১৮)। চতুর্থ ইনিংসে ৪৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকছে ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ১৩০ তুলেছে তারা। অ্যামি জোন্স খেলছেন ৫২ রানে। সায়ালি সাতঘারে, ক্রান্তি গৌড় ও স্নেহ রানা— প্রত্যেকেরই ২টি উইকেট।



