নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা কাউন্সেলিং স্থগিতের নির্দেশ জারি করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বুধবার এই নির্দেশের পরে কয়েকহাজার প্রার্থী এসএসসি অভিযান করেন। একটি প্রতিনিধি দল দেখা করে আধিকারিকদের সঙ্গে। মূলত যা জানা গিয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় চাইবে এসএসসি তথা সরকার। তবে, লিখিত পরীক্ষার প্যানেল নতুন করে প্রকাশ করবে এসএসসি। তাতে বাদ যাওয়া ১০ শতাংশ ওবিসি প্রার্থীর জায়গায় জেনারেল প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। নতুন করে কাউন্সেলিং প্রক্রিয়াও চালানো হবে। যদিও, প্রার্থীদের একাংশের দাবি, কাউন্সেলিং হয়ে যাওয়া প্রার্থীদের বাদ দেওয়া যুক্তিসংগত নয়। তবে, সরকারের নির্দেশে এসএসসি সেই পথেই হাঁটছে বলে এখনো পর্যন্ত খবর।



