নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুরের মাহেশের অন্যতম পরিচিতি জগন্নাথদেবের সুপ্রাচীন রথকে ঘিরে। নবনীলাচলের সেই পরিচিতির সঙ্গে এবার জুড়ছে আরও একটি পালক। জগন্নাথের দেবদেউলে এই প্রথমবার দুর্গাপুজোর আয়োজন হবে। ইতিমধ্যেই উমা আবাহনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। জগন্নাথ মন্দিরেই বিশেষভাবে শ্রাস্ত্রীয় ঘরানার পুজোর আয়োজনই শুধু নয়, একটি ভিন্নরকমের আবহ গড়তে চাইছেন সেবায়েতরা। প্রায় ৬৩০ বছর পার করেছে মাহেশের জগন্নাথদেবের মন্দির ও রথযাত্রা। হুগলি তো বটেই বঙ্গের অন্যতম সুপ্রাচীন রথযাত্রা হিসাবে পরিচিত মাহেশ। এত বছর পরে সেখানে দেবদুর্গার আসন পাতা নিয়ে স্বভাবতই নানা মহলে কৌতূহল আছে। নবদুর্গা হিসাবে দুর্গারপুজো করা হবে। মন্দিরের অন্যতম সেবায়েত পিয়াল অধিকারি বলেন, সুপ্রাচীন ধারার সঙ্গে অনেককিছুই আমরা নতুন করে সংযোজন করেছি। সদ্য মন্দিরের মাথায় নীলচক্র স্থাপিত হয়েছে। সেই নবীনের ধারাতেই দেবীদুর্গা আরাধনার আসন পাতা হচ্ছে। মনে রাখতে হবে, পুরীর জগন্নাথদেব বিশেষভাবে দুর্গামাধব হিসাবে পূজিত হন। প্রথমবারের পুজোয় বলিপ্রথা থাকছে না। তবে কুমারী পুজো যাবতীয় সাত্ত্বিক রীতি অনুসরণ করা হবে। জানা গিয়েছে, পুজোর উদ্বোধক হিসাবে থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। বিশেষ অতিথি হিসাবে জগন্নাথ গবেষক মকবুল ইসলামকেও আমন্ত্রণ করা হয়েছে।



