রিয়াধ, ৯ অক্টোবর: পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির জেরে রিয়াধগামী একাধিক উড়ান বাতিল করল ভারতের বিমান সংস্থাগুলি। গতকাল বিমান সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আগামী ১০ অক্টোবর পর্যন্ত রিয়াধের উড়ান পরিষেবা বন্ধ রাখা হবে। পাশাপাশি একই পথে হেঁটেছে জার্মান বিমান সংস্থা লুফথানসা গোষ্ঠীও। তাঁরা জানিয়েছেন আগামী ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াধগামী বিমান চলাচল স্থগিত রাখা হবে।
বিমান সংস্থাগুলি আরও জানায়, যেসব যাত্রীর উড়ান বাতিল হয়েছে, তাঁদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। সেইসঙ্গে বিকল্প দিনে যাত্রার জন্য বিনামূল্যে টিকিট পুনর্নির্ধারণের সুযোগও দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং পোর্টালগুলির তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে রিয়াধের সঙ্গে সংযোগকারী অন্তত ৩৩৩টি বিমান বাতিল হয়েছে। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াধে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আর এর পরেই কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে যাত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়। বিমানবন্দরে রওনা দেওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে উড়ানের বর্তমান পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরদিকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং তেল পরিকাঠামোয় হামলার দাবি করেছে। গতকালও রিয়াধের বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেন তাঁরা। হুথির সামরিক মুখপাত্র জানান, রিয়াধের বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পাশাপাশি, নজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। বিমান চলাচলের তথ্য অনুযায়ী গতকাল আন্তর্জাতিক বিমান পরিষেবায় ব্যাপকভাবে প্রভাব পড়েছে। বিমান চলাচল সংক্রান্ত বিশ্লেষণ সংস্থা সিরিয়াম জানিয়েছে স্থানীয় সময় দুপুর ৩টা নাগাদ রিয়াধ বিমানবন্দর থেকে নির্ধারিত উড়ানের ৪৯.৭ শতাংশ বাতিল হয়েছিল। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর থেকে আজ শুক্রবার আরও ৩১টি উড়ান বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে বুধবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিদের দাবি করা রিয়াধ ও আবহা বিমানবন্দরে হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। সৌদি আরব ও তাদের মিত্র ইয়েমেনি বাহিনীর বিদ্রোহীদের বিরুদ্ধে বড়সড় স্থল ও আকাশ অভিযান শুরুর পর এই প্রথম প্রাণহানির খবর সামনে এসেছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে বিমান সংস্থাগুলি। যাত্রীদেরও বিমানবন্দরে যাওয়ার আগে উড়ানের সর্বশেষ আপডেট যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রিয়াধ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে বলেও জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। এই বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি। তবে ওই ঘটনার বিস্তারিত কারণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।



