Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

বিশ্বে প্রথম, সাপ্তাহিক ইনস্যুলিন লঞ্চ হল ভারতে

বিশ্বে প্রথম, সাপ্তাহিক ইনস্যুলিন লঞ্চ হল ভারতে
  • ৯ জুলাই, ২০২৬ ১৫:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রোজ রোজ ইনস্যুলিন নেওয়ার দিন শেষ। এবার থেকে সপ্তাহে একবার ইনস্যুলিন ইঞ্জেকশন নিলেই হবে। এটিই বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনস্যুলিন। আজ, বুধবার ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী সংস্থা নোভো নরডিস্ক ভারতে লঞ্চ করেছে আউইকলি বা ইনস্যুলিন আইকোডেক। এই বেসাল ইনস্যুলিনটি সপ্তাহে একবার নিলেই কাজ হবে বলে দাবি করা হয়েছে। আউইকলি একটি ফ্লেক্স টাচ পেন ডিভাইসের মাধ্যমে সপ্তাহে মাত্র একবার নিতে হবে। মূলত টাইপ-১ এবং টাইপ-২ ডায়াবেটিস রোগীদের কথা ভেবেই এটি প্রস্তুত করা হয়েছে। নতুন এই ইনস্যুলিন ব্যবহার করলে বছরে মাত্র ৫২টি ইঞ্জেকশন নিলেই কাজ হবে। ফলে রোজ ইঞ্জেকশন নেওয়ার হাত থেকে মিলবে মুক্তি। ডায়াবেটিস চিকিৎসায় এটি উল্লেখযোগ্য মাইলফলক বলেই মনে করা হচ্ছে। নোভো নরডিস্ক জানিয়েছে, ভারতে ডায়াবেটিসে আক্রান্তরা ইনস্যুলিন চিকিৎসা শুরু করতে ভয় পান। তার মূল কারণ তাঁরা দৈনিক ইঞ্জেকশন নিতে নারাজ। এর ফলে গড়ে ৭- ৯ বছর দেরিতে ইনস্যুলিনের ব্যবহার শুরু হয়। তবে এই ইনসুলিন সপ্তাহে একবার নেওয়া যায়। এর ফলে রোগীদের অনেকটাই উপকার হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও সংস্থার দাবি, এই ইনস্যুলিন টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত না করে এইচবিএ১সি ৭ শতাংশের নীচে নামাতে সক্ষম।

Advertisement

প্রসঙ্গত, ইনসুলিন হল একটি হরমোন। যা রক্তপ্রবাহ থেকে গ্লুকোজকে কোষের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। এর ফলে শরীরের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। টাইপ-১ বা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা সঠিক রাখার জন্য এর প্রয়োজন পড়ে। সাধারণত রোগীরা দৈনিক বা জটিল ডায়াবেটিসে আক্রান্তরা দিনে একাধিকবারও ইনস্যুলিন প্রয়োগ করে থাকেন। ভারতে বর্তমানে প্রায় ১০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যারা টাইপ-১ আক্রান্ত তাঁদের মোটামুটি সকলেরই ইনস্যুলিনের প্রয়োজন হয়। অন্যদিকে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে প্রায় ১০ শতাংশ মানুষ ইনস্যুলিন ব্যবহার করে থাকেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ