Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে পালিত বিশ্ব পরিবেশ দিবস

মুর্শিদাবাদে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল। গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা। বিস্তারিত পড়ুন।

মুর্শিদাবাদে পালিত বিশ্ব পরিবেশ দিবস
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার জেলাজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল। মুর্শিদাবাদ জেলা ও বিভিন্ন মহকুমা প্রশাসনের পাশাপাশি এদিনের কর্মসূচিতে স্কুল পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেছিল। জেলা প্রশাসনের উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত অনুষ্ঠানে জেলাশাসকের সঙ্গে জেলার দুই মন্ত্রী সহ বহরমপুরের বিজেপি বিধায়ক হাজির ছিলেন। সেখানে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি মায়ের নামে গাছের চারা রোপণ করা হয়। জেলাশাসক আর অর্জুন বলেন, সুস্থ পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমাজে একটি বার্তা পৌঁছে দেওয়া হল। বর্ষব্যপী বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।

Advertisement

শুক্রবার সকালে বহরমপুর শহরের ফুসফুস ব্যারাক স্কোয়ার মাঠে স্বচ্ছতা অভিযান দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের সূচনা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এদিন স্বচ্ছতা অভিযানে এনিসিসি ক্যাডার, স্কুল ও কলেজ পড়ুয়াদের সঙ্গে হাজির ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। তারপর বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ করা হয়। বহু মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার দুই মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ও গার্গী দাস ঘোষ উপস্থিত ছিলেন। গৌরীশঙ্করবাবু বলেন, ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি গোটা দেশে হলেও বাংলায় হতো না। এবার বাংলায় বিজেপি সরকার আসায় বর্ষব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে রানি স্বর্ণময়ীর নামে একটি আপেল গাছের চারা রোপণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার সিনির উদ্যোগে শুভায়ু ক্লিনিকের উদ্বোধনের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। বিশ্ব পরিবেশ দিবসে একশো শিশু শিল্পী বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
কান্দি মহকুমাজুড়ে বিভিন্নভাবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এলাকার পাঁচটি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিডিওরা গাছ লাগিয়ে দিনটি পালন করেন। একইসঙ্গে খড়গ্রাম বিধায়ক মিতালী মাল ও বড়ঞা বিধায়ক সুখেন কুমার বাগদি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গাছ লাগান। ডোমকলের রবীন্দ্র নজরুল ভবনের সামনে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশ দিবস সম্পর্কে আলোচনা করা হয়। এরপরে সেখানে বৃক্ষরোপণ করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান, ডোমকলের এসডিও শুভঙ্কর বালা, ডোমকলের এসডিপিও শুভম বাজাজ।
জিয়াগঞ্জ বাগডহর, জিয়াগঞ্জ শ্মশান সংলগ্ন এলাকা এবং মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক অফিসে বৃক্ষ রোপণ কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। নবগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন বিজেপি বিধায়ক দিলীপ সাহা।

Advertisement
সম্পর্কিত সংবাদ