সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস পালন হল মর্নিংস্টার স্কুলে। ময়নাগুড়ির মর্নিংস্টার স্কুলে চারাগাছ রোপণের পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, নাটক পরিবেশিত হয়। এদিনের বিশেষ অনুষ্ঠানে স্কুলের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। পড়ুয়াদের দিয়ে গাছের চারা রোপণ করানো হয়। পাশাপাশি পরিবেশ কীভাবে রক্ষা করতে যায়, সেবিষয়েও আলোচনা করা হয়।
এদিনের অনুষ্ঠানে প্রায় ৬০ জন পড়ুয়া অংশগ্রহণ করেছিল। ‘সেভ গ্রিন, সেভ আর্থ’ নাটক পরিবেশন করে স্কুলের পড়ুয়ারা। কেউ সেজেছিল ফুল, কেউবা সেজেছিল গাছ। নাটকের মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে গাছ কতটা প্রয়োজনীয় তা ফুটিয়ে তোলা হয়। গাছ না থাকলে প্রাণের অস্তিত্ব থাকবে না। সেকারণে আমাদের প্রত্যেকের উচিত বৃক্ষরোপণ করা। শুধু গাছ রোপণ করলেই হবে না, নিয়মিত যত্ন নিতে হবে। শুধু পড়ুয়ারা নয়, এদিন স্কুল শিক্ষক-শিক্ষিকারা পরিবেশ দিবসের উপর গান এবং কবিতা পাঠ করে। পড়ুয়ারাও কবিতার মধ্যে দিয়ে পরিবেশের যত্ন নেওয়ার বিষয়টি তুলে ধরে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীর উচিত পরিবেশের প্রতি নিজেদের দায়িত্ব পালন করা।
স্কুলের প্রিন্সিপাল পিয়ালী ঘোষ বণিক বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। তাদের কবিতা, নাটক এবং গানের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকেরই পরিবেশকে রক্ষা করতে হবে সেই সচেতনতার বার্তা দেওয়া হল। পৃথিবীকে দূষণ থেকে বাঁচাতে গাছ লাগাতে হবে। পাশাপাশি সেই গাছগুলির যত্ন নিতে হবে। তাহলে আগামী প্রজন্ম সুন্দরভাবে বাঁচতে পারে। আমরা এই ছোটো ছোটো বিষয়গুলির মধ্য দিয়েই শিশুদের পরিবেশের প্রতি দায়বদ্ধতার বার্তা দিলাম।