


সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: আর কয়েক দিনের মধ্যেই বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজতে চলেছে। তার আগে শুরু হয়েছে স্পর্শকাতর এলাকা এবং ট্রাবল মঙ্গারদের (গোলমাল পাঠাতে পারে এমন ব্যক্তি) চিহ্নিতকরণের কাজ। বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা জুড়ে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। মূলত ২০২১ বিধানসভা নির্বাচন এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনের ভিত্তি করে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হচ্ছে। ওই দুটি ভোটে যেসব এলাকায় গোলমাল হয়েছে, বা এবারও হবার সম্ভাবনা রয়েছে, এমন এলাকাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হচ্ছে। সেই সঙ্গে ভোটের দিন বা ভোটের আগে বা পরে যারা গোলমাল পাকায় তাদেরও নামের তালিকা তৈরীর কাজ চলছে। যাদের আগাম গ্রেফতার বা থানায় ডেকে নিয়ে এসে গোলমাল করবে না এমন মুচলেকা নেওয়া হতে পারে। আগামী বিধানসভা ভোট যাতে নির্বিঘ্নে হয়, তার পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের নির্দেশে, বারাকপুর পুলিশ কমিশনারেট থানা ধরে ধরে সেই কাজ শুরু করছে। নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে সম্প্রতি বর্তমান পুলিশ কমিশনার প্রভীণ ত্রিপাঠী, ডিসি সেন্ট্রাল ইন্দ্রবাদন ঝা, ডিসি সদর অতুল বিশ্বনাথন এবং বারাকপুরের এসডিও সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিমধ্যেই ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। তাদেরকে দিয়ে স্পর্শকাতর এলাকায় টহলদারি শুরু হয়েছে। যাতে গোলমাল না হয় তার জন্য সতর্ক রয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেট। সেই সঙ্গে সঙ্গে জামিন অযোগ্য ধারা (এনবি ডাব্লু) যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
ইতিমধ্যে ভাটপাড়া জুড়ে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। ২৫ টি আগ্নেয়াস্ত্র এবং ২৬ রাউন্ড কার্তুজ ইতিমধ্য উদ্ধার হয়েছে। অস্ত্র রাখার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে "ইনসিডেন্ট ফ্রি" বিধানসভা ভোট করাই যে লক্ষ্য বারাকপুর পুলিশ কমিশনারেট তা বুঝিয়ে দিচ্ছে। বিশেষ নজর দেয়া হচ্ছে ভাটপাড়া জগদ্দল টিটাগড় এলাকায়। অপরাধের অভিযোগ রয়েছে এমন ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে।