সংবাদদাতা, বারুইপুর: ‘যারা পুলিশকে দেখিয়ে মনে করছে রাজনীতি করবে, তাদের বলছি, পুলিশ কারও নয়। রাজ্যে ৪৪ টি ধর্ষণ হয়েছে বিজেপির আমলে। পুলিশকে না শোধরালে ধর্ষণ বন্ধ হবে না। পুলিশকে বলব, আইন মেনে কাজ করুন’। শনিবার এই ভাষাতেই পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলির মুক্তির দাবিতে শনিবার বিকালে বারুইপুরের পদ্মপুকুর থেকে রবীন্দ্রভবন পর্যন্ত সিপিএমের এক প্রতিবাদ মিছিল আয়োজন করে। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক।
এদিন মিছিলে পা মেলান সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রবীন দেব, সায়ন বন্দ্যোপাধ্যায়, শতরূপ ঘোষসহ অন্যান্যরা। পুলিশকে উদ্দেশ করে সেলিম আরও বলেন, ‘কোনো দলের ঝান্ডা ধরবেন না। সংবিধান মেনে চলুন। মানুষ জাগছে।’ সূর্যপুর-কান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘যে পুলিশ মিথ্যা মামলা করেছে, তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। পার পাবেন না। পুলিশ জমা না খরচে যাবেন, ভাবুন। এনকাউন্টার করে আইন প্রতিষ্ঠা হয় না।’ তিনি আরও বলেন, ‘মিথ্যা মামলা করে সিপিএমকে শেষ করতে পারেননি মমতা। শুভেন্দুও পারবেন না।’ মুখ্যমন্ত্রীর নাম করেই এই সিপিএম নেতার কটাক্ষ, ‘গুন্ডা দমন আইনের মাধ্যমে প্রতিবাদীদের দমন করতে চাইছে বিজেপির সরকার। গুন্ডা দমন আইন করে শুভেন্দু নিজে গুন্ডামি করতে যাবেন না যেন।’ সুজন চক্রবর্তীর কটাক্ষ, ‘ধর্মেন্দ্র প্রধানকে জমা করেছিলেন প্রধানমন্ত্রী। ছাত্র আন্দোলনের ফলে তাঁকে খরচ করতে হল!’