বিশ্বজিৎ দাস, কলকাতা: শুধু চার সরকারি স্বাস্থ্যবিমা সংস্থাই নয়, প্রাইভেট আরও ২৮টি স্বাস্থ্যবিমার আওতায় এল পিজি হাসপাতালের উডবার্ন এবং অনন্য। ফলে এখন প্রায় যেকোনো কোম্পানিরই স্বাস্থ্যবিমা থাকুক না কেন, দরিদ্র হন বা উচ্চবিত্ত—তিনি পিজির এই দুই বাজেট হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা করাতে পারবেন। এখানকার পদস্থ সূত্রে এই খবর মিলেছে।
প্রসঙ্গত, মাস চারেক আগে জিপসার সঙ্গে চুক্তির মাধ্যমে পিজির উডবার্ন এবং অনন্য বাজেট হাসপাতালে চালু হয়েছিল চার সরকারি স্বাস্থ্যবিমায় ক্যাশলেস চিকিৎসা পাওয়ার সুযোগ। সেগুলি হল দি নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওরিয়েন্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কিন্তু এই চার সরকারি স্বাস্থ্যবিমা সংস্থা বা পিএসইউ ছাড়াও অসংখ্য প্রাইভেট স্বাস্থ্যবিমা সংস্থা রয়েছে। তাদের গ্রাহক সংখ্যাও নেহাত কম নয়। বিভিন্ন মার্কেট সমীক্ষা জানাচ্ছে, বেসরকারি স্বাস্থ্যবিমার উপভোক্তার সংখ্যাই বরং একটু বেশি। প্রতি ১০০ জন স্বাস্থ্যবিমার গ্রাহকের মধ্যে ৫৪-৫৫ জন প্রাইভেটে আস্থা রেখেছেন। সেখানে সরকারি স্বাস্থ্যবিমায় আস্থা ৪৫-৪৬ জনের। ফলে ঐতিহ্যবাহী প্রাচীন উডবার্ন ওয়ার্ড বা উডবার্ন ১ হোক বা মাসকয়েক আগে চালু অনন্য বা নতুন উডবার্ন ২—কোনোখানেতেই ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুযোগ নিতে পারছিলেন না অসংখ্য মানুষ। পিপিএন-এর সঙ্গে চুক্তি হওয়ায় সপ্তাহখানেক হল, প্রাইভেট বিমা সংস্থাগুলিও এখানে পরিষেবা দিতে শুরু করেছে। সবধরনের বিমার অধীনে চলে আসায় মানুষের চিকিৎসাখাতে পকেটের খরচ (আউট অব দ্য পকেট এক্সপেনডিচার) কমবে, এমনটাই মনে করা হচ্ছে।
পিজি সূত্রের খবর, ঐতিহ্যবাহী উডবার্ন ওয়ার্ডে এখন বেড রয়েছে ৩৬টি। ২ হাজার (ডুয়েল কেবিন), আড়াই হাজার (সিঙ্গল কেবিন ছোট) এবং চার হাজার টাকা (বড় কেবিন)—এই তিনধরনের ঘরভাড়ার কেবিন রয়েছে এখানে। সেখানে মাসকয়েক আগে চালু হওয়া পিজির অনন্য বাড়িতে এখনো পর্যন্ত খুলেছে ৬৬টি কেবিন (মোট অনুমোদিত প্রায় দেড়শো বেড)। তার মধ্যে ৮টি স্যুইটও আছে। এগুলি ছাড়া আছে ১২টি সিসিইউ, এইচডিইউ বেড। কেবিনগুলির ভাড়া ৫ হাজার টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়ালমুখী বিলাসবহুল স্যুইটগুলির ঘরভাড়া ৮ হাজার টাকা। দু-জায়গাতেই অপারেশন হয় প্যাকেজে রয়েছে। সে খরচ শহরের যেকোনো পাঁচতারা প্রাইভেট হাসপাতাল ও নার্সিংহোমের খরচের কমবেশি তিনভাগের একভাগ—এমনটাই দাবি পিজি কর্তাদের।
এতদিন স্বাস্থ্যসাথী না-পাওয়া গেলেও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে উডবার্নে ক্যাশলেস পরিষেবা মেলে। অনন্যতে হেলথ স্কিম নিলেও ক্যাশলেস হয় না। হয় রিএমবার্সমেন্ট। নতুন সরকার ক্ষমতায় আসার পর শীঘ্রই চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। এই প্রকল্পে কি অনন্য বা উডবার্নে ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলবে? পিজির এক পদস্থ সূত্র জানিয়েছে, এখনো সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা নেই।