Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণার টাকা না পেয়ে হাওড়ায় বরো অফিসে মহিলাদের বিক্ষোভ

অন্নপূর্ণা যোজনায় ফর্ম-ফিল আপ করেও টাকা না পাওয়ায় সোমবার হাওড়া পুরসভার ৪ নম্বর বরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা।

অন্নপূর্ণার টাকা না পেয়ে হাওড়ায় বরো অফিসে মহিলাদের বিক্ষোভ
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অন্নপূর্ণা যোজনায় ফর্ম-ফিল আপ করেও টাকা না পাওয়ায় সোমবার হাওড়া পুরসভার ৪ নম্বর বরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাঁদের অভিযোগ, অনেক আগে ফর্ম ফিল-আপ করা সত্ত্বেও এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অথচ পরে ফর্ম পূরণ করা অনেকেই টাকা পেয়ে গিয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ।

Advertisement

বিক্ষোভকারী মাধবী দাস নামে এক প্রৌঢ়ার অভিযোগ, ‘ফর্ম ফিল-আপ করার পর বরো অফিস থেকে বলা হয়েছিল, টাকা ঢুকে যাবে। কিন্তু এখনও সেই টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। কেন টাকা পাচ্ছি না, সেটাও তাও স্পষ্ট করে কেউ কিছু বলছেন না।’ তাঁর দাবি, বিষয়টি নিয়ে আধিকারিকদের কাছে বারবার জানতে চাওয়া হলেও তিনি শুধু টাকা পাওয়ার আশ্বাস দিচ্ছেন। এদিকে, এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। মধ্য হাওড়ার বিজেপি নেতা শিবশংকর সাধুখাঁর অভিযোগ, পুরসভা ও বরো অফিসে অন্নপূর্ণা যোজনার কাজের সঙ্গে যুক্ত তৃণমূল কর্মীদের একাংশ ‘সাবোতাজ’ করছে। তাঁরা বিজেপি ও রাজ্য সরকারের বদনাম করার চেষ্টা করছেন। তবে তাঁর আশ্বাস, যাঁরা যোগ্য, তাঁরা সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ