চাকদহের লালপুরের পুজোয় পুরোহিতের দায়িত্বে মহিলারা
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: ধর্ম ও মহাভারতের কাহিনিকে কেন্দ্র করে এবার দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তুলেছে চাকদহের ‘লালপুর অধিবাসীবৃন্দ এবং নবারুণ সমিতি’। তাদের ৭৮তম বর্ষের দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ ‘ধর্মপথ’। এই ভাবনার মধ্যে দিয়ে মণ্ডপে তুলে ধরা হয়েছে পাণ্ডবদের বনবাসে যাওয়ার পথে দক্ষ রাজার কাহিনি। ধর্ম, ন্যায় এবং জীবনের নানা আদর্শকে কেন্দ্র করে তৈরি এই মণ্ডপ দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

Advertisement

এবার পুজোর মণ্ডপ নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের উপর। বাঁশ ও বাঁশগাছ সহ নানা সামগ্রী ব্যবহার করে তৈরি করা হয়েছে মণ্ডপ। প্রাকৃতিক উপাদানের সাহায্যে মণ্ডপসজ্জা করা হয়েছে। এভাবে যেমন ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা হয়েছে, তেমনই সৃজনশীলতা ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। পাশাপাশি থাকছে মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা ও আলোকসজ্জা। তবে এবার দুর্গোৎসবের অন্যতম উল্লেখযোগ্য দিক হল, এখানে পাঁচজন মহিলা পুরোহিত দেবী দুর্গার পুজো করবেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানে মহিলাদের অংশগ্রহণের এই উদ্যোগ পুজোর বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে। সব মিলিয়ে আট লক্ষ টাকা বাজেটের এই পুজোয় ধর্মীয় ভাবনা, পৌরাণিক কাহিনি এবং প্রাকৃতিক উপকরণের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছেন উদ্যোক্তারা। পুজোর আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে এলাকায়। পুজোর এক উদ্যোক্তা সায়ন কংসবণিক বলেন, মণ্ডপ এই বছর দর্শকদের মন জয় করবে।  লালপুরের পুজোর মণ্ডপ।-নিজস্ব চিত্র