সংবাদদাতা, ময়নাগুড়ি: সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে তালা মেরে বিক্ষোভে শামিল হল মহিলা ব্রিগেড। আজ, রবিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দোমহোনি-২ গ্রাম পঞ্চায়েতের ভাওলাগুড়ি এলাকায়। মহিলারা একত্রিত হয়ে মদের দোকানের তালা বন্ধ করে দেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে অকুস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী।
ওই মদের দোকানের মালিক তরেন্দ্রনাথ রায় বলেন, আমার তো সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান। তিন বছর হয়েছে আমার দোকানের। কেন হঠাৎ করে মহিলারা এসে দোকান বন্ধ করে দিল তা বলতে পারব না। আজ সন্ধ্যায় আমি থানায় এসেছি। অন্যদিকে, বিক্ষোভকারীরা বলেন, মদের দোকানের কিছুটা দূরেই স্কুল রয়েছে। বাচ্চারা ওই রাস্তা দিয়ে স্কুলে যায়। পাশাপাশি মহিলারাও বাজারে আসা-যাওয়া করেন। অনেক সময়ই দেখা যায় মদ খেয়ে কেউ রাস্তায় বসে রয়েছে বা পড়ে রয়েছে। মদের বোতলও যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফলে আমরা আমাদের এলাকায় কোনওভাবেই মদের দোকান খুলতে দেব না।