Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেড় বছর আগে পড়ুয়াদের ড্রেস তৈরি করে আজও মজুরি পাননি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

বালুরঘাটে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দেড় বছর ধরে স্কুল ড্রেস তৈরিতে মজুরি পাননি। বকেয়া পাওয়ার দাবিতে তাঁরা প্রতিবাদে নেমেছেন। বিস্তারিত পড়ুন।

দেড় বছর আগে পড়ুয়াদের ড্রেস তৈরি করে আজও মজুরি পাননি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: পড়ুয়াদের জন্য স্কুল ড্রেস তৈরি করেছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কিন্তু এখনও মজুরি মেলেনি। বছর দেড়েক ধরেই তাঁরা বকেয়া মজুরির দাবিতে পুরসভায় ঘুরছেন। কিন্তু আজও টাকা মেলেনি। প্রতিবাদে মঙ্গলবার সমস্ত মহিলা একত্রিত হয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হন। কবে মিলবে বকেয়া মজুরি? এই প্রশ্নের উত্তর চাইতে গেলে চেয়ারম্যানের ঘরে মহিলাদের সঙ্গে বচসা বেঁধে যায়। পরে চেয়ারম্যান তাঁদেরকে বুঝিয়ে আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ প্রশমিত হয়। এই ঘটনায় শোরগোল পড়েছে বালুরঘাটে। 

Advertisement

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুল ড্রেস তৈরি করেছিলেন। মহিলাদের মজুরি জেলা প্রশাসনের তরফ থেকে আসে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, অল্প সময়ের মধ্যেই সেই মজুরি মিলবে। বিষয়টি আমরা নিজেরাও খতিয়ে দেখছি, যাতে তাঁরা দ্রুত মজুরি পান। এব্যাপারে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য চন্দনা শীল এবং শিখা রায় বলেন, পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আমরা বাচ্চাদের জন্য স্কুলের ড্রেস তৈরি করেছি। কিন্তু দেড় বছর পার হয়ে গেলেও আমরা এখনও মজুরি পাচ্ছি না। ফলে আমাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে। আমরা কেউ ২০ হাজার, কেউ ৩০ হাজার টাকা করে পাই। দীর্ঘদিন ধরেই আমরা ওই মজুরির জন্য ঘুরছি। তাড়াতাড়ি যাতে টাকা পাই সেই দাবিতেই এদিন চেয়ারম্যানের কাছে এসেছিলাম। 
পুরসভা সূত্রে খবর, রাজ্য সরকারের মাধ্যমে পড়ুয়াদের স্কুল ড্রেস বানিয়ে দেওয়া হত। প্রত্যেকটি পুরসভা এবং ব্লকের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ওই কাজ করত। 
বালুরঘাট পুরসভাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ২৫০-৩০০  জন মিলে বাচ্চাদের স্কুলের ড্রেস তৈরি করেছেন। তাঁরা স্কুল ড্রেস বানিয়ে বিভিন্ন স্কুলে সরবরাহ করেছেন। সব মিলিয়ে ন’লক্ষ টাকার বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাবেন। সম্প্রতি রাজ্যে সরকার বদল হয়েছে। তাই অনেকেই বকেয়া পাওয়া নিয়ে আশঙ্কায় পড়েছেন। তবে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার বদল হলেও প্রাপ্য মজুরি থেকে কেউ বঞ্চিত হবেন না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ