Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভেষজ আবির তৈরি করে বাড়তি আয় মহিলাদের

ভেষজ আবির তৈরি করে বাড়তি আয় মহিলাদের
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: দোল উৎসবে বাজারে ভেষজ আবিরের ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটাতে অর্গানিক পদ্ধতিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আবির প্রস্তুত করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। 

Advertisement

দোলে কেমিক্যাল রং বা আবির ব্যবহার করতে অনেকেই অনীহা দেখাচ্ছেন। কারণ এই নিম্নমানের রঙের ব্যবহারে ত্বকের দারুণ ক্ষতি হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। তারপরও প্রশাসনের নজর এড়িয়ে এইসব ক্ষতিকারক রাসায়নিক দিয়ে প্রস্তুত করা রং ও আবির দেদার বিক্রি হতে শুরু হয়েছে বাজারে। তাই এই পরিস্থিতিতে বাজারে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে। সাধারণ মানুষের অভিযোগ, বাজারে ভেষজ আবির বা রঙের নাম করে নকল সামগ্রীও বিক্রি হচ্ছে। সেই সব দিকেও প্রশাসনিক নজরদারির দাবি তুলছেন সাধারণ মানুষ। চিকিৎসকদের মতে, দোল উৎসবে বছরে একটা দিন রঙের খেলায় মেতে ওঠে কচিকাঁচারাও। কিন্তু এই ধরনের ক্ষতিকারক রঙের ব্যবহারে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই সেগুলি বাজারে যাতে বিক্রির ক্ষেত্রে বিশেষ নজর রাখা যায়, সেদিকে প্রশাসনিক নজরদারি প্রয়োজন। শুধু তাই নয়, সাধারণ মানুষেরও ভেষজ রং বা আবির ব্যবহার করা উচিত। 
তাই সেই চাহিদা পুরণে বীরভূমের বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করছেন ভেষজ আবির। অর্গানিক পদ্ধতিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তাঁরা এই আবির প্রস্তুত করছেন বলে জানা গিয়েছে। জেলার লাভপুর, দুবরাজপুর সহ একাধিক এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করছেন আবির। জানা গিয়েছে, লাভপুরের জামনায় ৬০টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ছয়শো মহিলা এই কাজে হাত লাগিয়েছেন। তাঁরা গাঁদা ফুল, নিমপাতা, উজলা, ফুড কালার, অ্যারারুট, সুগন্ধির জন্য গোলাপ জল ব্যবহার করে এই আবির প্রস্তুত করছেন। প্রতি ১০০ গ্রাম আবির বাজারে বিক্রি হবে আনুমানিক ২০ থেকে ২৫ টাকায়। বিভিন্ন ব্যাঙ্ক, স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল থেকে এই আবির কেনা হচ্ছে বলে জানা গিয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন মহিলা সোমা পাল ঘোষ, প্রভাতী ঘোষ, ভারতী দাস বলেন, দোলের সময় বাজারে ভেষজ আবিরের যথেষ্ট চাহিদা থাকে। তাই এই অর্গানিক পদ্ধতিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এই আবির তৈরি করা হচ্ছে। এই আবিরে কোনও ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয় না।  সিউড়িতে রংবেরঙের আবির বিক্রি হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ