Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগে অন্নপূর্ণা থেকে বঞ্চিত মহিলাদের ক্ষোভের উদ্গীরণ

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে সোমবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের বিভিন্ন জায়গায় মহিলারা বিক্ষোভ দেখান।

বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগে অন্নপূর্ণা থেকে বঞ্চিত মহিলাদের ক্ষোভের উদ্গীরণ
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে সোমবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের বিভিন্ন জায়গায় মহিলারা বিক্ষোভ দেখান। 

Advertisement

এদিন দুপুরে বাঁকুড়া-২ ব্লকের বিকনায় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ও ছাতনা-শুশুনিয়া রাস্তা অবরোধ করে মহিলারা বিক্ষোভ দেখান। ছাতনা বিডিও অফিসে মহিলারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাঁরা রাস্তা অবরোধ করেন। আন্দোলনকারীদের মধ্যে পুষ্পা বাউরি বলেন, অনেকে একাধিকবার টাকা পেলেও আমরা পাইনি। তাই বিক্ষোভ দেখিয়েছি। ছাতনার জয়েন্ট বিডিও কৌশিক সরকার বলেন, এদিন আন্দোলনে যোগ দেওয়া মহিলাদের নাম, ঠিকানা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে যোগ্য আবেদনকারীরা যাতে টাকা পান, তা আমরা দেখব।  
বিষ্ণুপুর মহকুমা শাসকের অফিস ছাড়াও বিভিন্ন ব্লকে অন্নপূর্ণা থেকে বঞ্চিত মহিলারা ভিড় জমান। টাকা না পাওয়ায় তাঁরা ক্ষোভ উগরে দেন। এদিন বিষ্ণুপুর এসডিও অফিস খোলার আগেই থেকেই শহরের অনেক মহিলা অন্নপূর্ণার আইডি ও আধার কার্ডের জেরক্স কপি নিয়ে হাজির হন। অফিস খোলার পর তাঁরা আধিকারিকদের সঙ্গে দেখা করেন। আধিকারিকরা তাঁদের দরখাস্ত লিখে জমা দিতে বলেন। সেই মতো দরখাস্ত জমা দিলেও পরে বাইরে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন। তাঁদের বক্তব্য, কতবার জমা দেব? অনলাইনে আবেদন করা হয়েছে। তারপর এই নিয়ে তিনবার কাগজ জমা দিলাম। তা সত্ত্বেও টাকা পেলাম না। একইভাবে এদিন জয়পুর ও বিষ্ণুপুর বিডিও অফিসে বহু মহিলা ভিড় জমান। তাঁরা প্রত্যেকেই একই অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, আমাদের চেয়ে অনেক বড়োলোক যাঁরা, সেইসব বাড়ির মহিলারা টাকা পেয়ে গিয়েছেন। অথচ আমরা প্রশাসনের দরজায় দরজায় ঘুরে মরছি। কোথা থেকে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যাঁরা টাকা পাননি সরকারি আধিকারিকরা তাঁদের বাড়ি বাড়ি যাবেন। কই, কেউ তো আসেনি! তাই বাধ্য হয়ে বিডিও অফিসে আবার কাগজ জমা দিলাম। একই মন্তব্য করেন জয়পুর, কোতুলপুর, ইন্দাস, পাত্রসায়র ও সোনামুখীর অন্নপূর্ণায় বঞ্চিত মহিলারা।  
এদিন শতাধিক মহিলা সিমলাপালে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাতেও সুরাহা না পেয়ে তাঁরা বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন। খাতড়া বিডিও অফিসেও আবেদনকারীরা বিক্ষোভ দেখান। ইন্দপুর এবং হিড়বাঁধেও মহিলারা ব্লক অফিসে জমায়েত করেন।  
সোমবার রঘুনাথপুর মহকুমার বিভিন্ন বিডিও অফিসেও মহিলারা বিক্ষোভ দেখান। পাশাপাশি কাশীপুর ব্লক এলাকার মহিলারা রাজ্য সড়ক অবরোধ করেন। প্রতিটি ব্লকে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় সোমবার শতাধিক মহিলা কাশীপুর ব্লক অফিসে বিক্ষোভ দেখান। পরে ব্লক অফিসের বাইরে কাশীপুর-বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন। দু’ ঘণ্টার বেশি অবরোধ চলে। পরিস্থিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। গগনাবাদ পঞ্চায়েত এলাকার লক্ষ্মী বাউরি, বেকো পঞ্চায়েত এলাকার সাথী মণ্ডল, কবিতা মাহাতো বলেন, তাঁদের কারও অ্যাকাউন্টে একবারও টাকা ঢোকেনি। কেউ মাত্র একবার টাকা পেয়েছেন। প্রশাসনের তরফে বলা হয়েছিল ১৭ তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু টাকা ঢোকেনি। তাই ব্লকে এসে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি।
অন্যদিকে, একইভাবে পাড়া ও রঘুনাথপুর-২ নম্বর ব্লকে মহিলারা বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের মধ্যে করগালি এলাকার বিউটি গোপ, শকুন্তলা গড়াই বলেন, একবার মাত্র টাকা পেয়েছি। তারপর আর টাকা ঢোকেনি। অথচ আমাদের পাশের বাড়ি ও গ্রামে যাঁদের অবস্থা ভালো তাঁরা টাকা পেয়েছে।
কাশীপুরের বিডিও চন্দন সাহা বলেন, যাঁদের টাকা বাকি আছে, আশা করি শীঘ্রই ঢুকে যাবে। অনেকের নামের ভুলের জন্য কিছু সমস্যা হয়েছিল। যাঁরা এসেছিলেন, তাঁদের সমস্ত কাগজপত্র জমা নেওয়া হয়েছে।
এদিন আরামবাগের বিধায়ক সেবাকেন্দ্রের সামনে মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। মহকুমা শাসকের অফিস সহ অন্যান্য জায়গায় বিক্ষোভ হয়। কামারপুকুরে গোঘাট-২ বিডিও অফিস চত্বরে স্থানীয় বিধায়ক প্রশান্ত দিগারকে কাছে পেয়ে মহিলারা ক্ষোভ ব্যক্ত করেন। বিধায়ক কোনোমতে পরিস্থিতি সামাল দেন। গোঘাটের বিধায়ক বলেন, ৮২ হাজার আবেদনকারীর মধ্যে আড়াই হাজার মহিলা সুবিধা পেতে বাকি আছেন। প্রশাসন বিষয়টি দেখছে। এদিন মহিলারা আমার কাছে না পাওয়ার বিষয়টি জানিয়েছেন।  
 অন্নপূর্ণা যোজনায় টাকা না মেলায় রাজ্য সড়ক অবরোধ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ