নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কিছুদিন আগে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সঙ্গে ডায়মন্ডহারবার পুলিশ পর্যবেক্ষক পরমার স্মিত পারসত্তমদাসের গোপন বৈঠকের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। সোমবার আরো বিস্ফোরক অভিযোগ তুলল তারা। এবার কেন্দ্রবিন্দু ফলতা। রাতের অন্ধকারে পুরুষ সদস্যের অনুপস্থিতিতে তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে মহিলাদের হেনস্তা ও অসম্মান করছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিলেন ওই পর্যবেক্ষকই। সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন তৃণমূল নেতা ও রাজ্যসভার প্রাক্তন সদস্য শান্তনু সেন। তৃণমূল নেতা বলেন, রবিবার রাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক মাঝরাতে আমাদের দলের কর্মী এবং কিছু সাধারণ মানুষের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। তল্লাশির নামে মহিলাদের উপর হামলা করা হয়েছে এবং কয়েকজনকে অশালীনভাবে স্পর্শও করা হয়েছে! সেসময় ওইসব বাড়িতে পুরুষ সদস্যরা ছিলেন না। এই ঘটনার তীব্র নিন্দা করছে তৃণমূল। ঘটনার উপর দল নজরদারি করছে বলেও শান্তনুবাবু জানান। যাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন তাঁদের তালিকা তৈরি করছে তৃণমূল। অভিযুক্তদের আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ঘাসফুল শিবির।



