Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন নিয়োগে ৩৩ শতাংশ মহিলা, ভাতা বাড়ছে অস্থায়ী কর্মচারীদেরও

সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণের সুবিধা এবার পশ্চিমবঙ্গে।

নতুন নিয়োগে ৩৩ শতাংশ মহিলা, ভাতা বাড়ছে অস্থায়ী কর্মচারীদেরও
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণের সুবিধা এবার পশ্চিমবঙ্গে। সোমবারই বিধানসভায় বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানেই তাঁর ঘোষণা, মোট এক লক্ষ শূন্যপদে নিয়োগ করবে রাজ্যের বিজেপি সরকার। সেই নতুন নিয়োগে ৩৩ শতাংশ পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। শুধু তা-ই নয়, আইন অনুযায়ী সেনাবাহিনীর ‘অগ্নিবীর’দের জন্য উপযুক্ত পদেও থাকবে ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা। শুধু নতুন নিয়োগ নয়, বর্তমানে বিভিন্ন শ্রেণির অস্থায়ী কর্মীদেরও মাসিক ভাতা সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে এদিনের বাজেটে।

Advertisement

অর্থমন্ত্রী জানিয়েছেন, স্কুল-কলেজে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ হবে ৫০ হাজার শূন্যপদে। পুলিশ বাহিনীতে নিয়োগ হবে ২০ হাজার আর রাজ্য সরকারের নিরাপত্তা বাহিনী ইএফআর-এ ১০০০ জন। বাকি নিয়োগ হবে বিভিন্ন সরকারি অফিসে। নিয়োগের ক্ষেত্রে আরও দু’টি গুরুত্বপূর্ণ ঘোষণা হল—সরকারি নিয়োগে বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধির যে ব্যবস্থা করা হয়েছে তা বলবৎ থাকবে আগামী দু’বছর। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের জন্য যে সব সংস্থাগুলি আছে সেগুলিকে ইউপিএসসির ধাঁচে একটি প্রতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে।
বর্তমানে সরকারি বিভিন্ন পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভিন্ন শ্রেণির অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা। গত সরকারের অন্তর্বর্তী বাজেটে এর মধ্যে কয়েকটি শ্রেণির মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল। রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে আরও বেশি শ্রেণির কর্মীকে তার আওতায় এনেছে। স্কুলের পার্শ্বশিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা ও আশা কর্মীদের মাসিক ভাতা বাড়ছে ৫ হাজার টাকা করে। স্কুলের মিড ডে মিলে রাঁধুনি ও সহায়কদের ভাতা বাড়ছে এক হাজার টাকা করে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশ, হোমগার্ড, এনভিএফ কর্মীদের মাসিক ভাতা দু’হাজার টাকা করে বাড়ানো হয়েছে। সরকারি পরিবহণ সংস্থাগুলিতে চুক্তিতে বা এজেন্সির মাধ্যমে নিযুক্ত কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে ১৬ হাজার টাকা করা হয়েছে। গ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন ভিলেজ রিসোর্স পার্সনরা। বর্তমানে তাঁরা দৈনিক ২০০ টাকা ভাতা পান। তা ১০০ টাকা করে বাড়ছে। সিভিল ডিফেন্সের কর্মীদের কাজ দেওয়া হবে মাসে অন্তত ২০ দিন। তবে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের ভাতাবৃদ্ধি নিয়ে বাজেটে কিছু বলা হয়নি। এছাড়া সাংবাদিকদের পেনশন আড়াই হাজার থেকে বেড়ে হচ্ছে পাঁচ হাজার টাকা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, কোনও অস্থায়ী কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে না। বন্ধ হচ্ছে না ভাতাও। তবে নিয়োগের স্বচ্ছতা প্রসঙ্গে ঝাড়াই-বাছাইয়ের কাজ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ