Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাটে বাসের ধাক্কায় বাইক আরোহী মহিলার মৃত্যু, আশঙ্কাজনক স্বামী-পুত্র, ভাঙড়ে ডেলিভারি বয়ের মৃত্যু

জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বসিরহাটে মৃত্যু হয়েছে এক মহিলার। ভাঙড়ে প্রাণ হারিয়েছেন ডেলিভারি বয়।

বসিরহাটে বাসের ধাক্কায় বাইক আরোহী মহিলার মৃত্যু, আশঙ্কাজনক স্বামী-পুত্র, ভাঙড়ে ডেলিভারি বয়ের মৃত্যু
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বসিরহাট: জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বসিরহাটে মৃত্যু হয়েছে এক মহিলার। ভাঙড়ে প্রাণ হারিয়েছেন ডেলিভারি বয়। পুলিশ সূত্রে খবর, বসিরহাটে টুরিস্ট বাসের ধাক্কায় বাইক আরোহী মহিলার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর স্বামী ও ১১ বছরের পুত্র। শনিবার রাতে সাকচুড়া-মধ্যমপুর টাকি রোডে দুর্ঘটনাটি ঘটে। 

Advertisement

সাকচুড়া বাগুণ্ডি এলাকার বাসিন্দা ৩৮ বছরের তাসমিনা বিবি তাঁর স্বামী ও সন্তান মোটর সাইকেলে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা কলকাতাগামী টুরিস্ট বাস তাঁদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। রাস্তার উপর ছিটকে পড়েন তিনজন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাসমিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাসটিকে আটকে রেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তারা। এদিকে, রবিবার সকালে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার জামিরগাছি এলাকায় বাগজোলা ক্যানাল রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ললিত রঞ্জিত (২৩)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার নলকাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ললিত একটি ফুড ডেলিভারি সংস্থায় কাজ করেন। সকালে তিনি নিউটাউন যাচ্ছিলেন কাজে যোগ দিতে। সেই সময় উল্টোদিক থেকে একটি পিকআপ ভ্যান আসছিল বেপরোয়া গতিতে। অভিযোগ, জামিরগাছির কাছে সেই গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়তেই তাঁর উপর দিয়ে ওই পিকআপ ভ্যান চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করলেও তার চালক পালিয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ