সংবাদদাতা, বোলপুর: বীরভূমের সাঁইথিয়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যু। কালু রায়পুর গ্রামে বাসিন্দা সুলেখা বাগদি নামে এক মহিলার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনের অভিযোগ চেয়ে সরব হয়েছে মৃতার পরিবার। তাদের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে সুলেখাদেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে লাভপুর থানার বামনা গ্রামের বাসিন্দা সুজন বাগদির সঙ্গে সুলেখার বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। মৃত্যুর সময় সুলেখা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের দাবি। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে প্রায়শই অশান্তি লেগে থাকত। সুলেখার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত বলে পরিবারের অভিযোগ। এই নিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি পরিবারের।
গত শনিবার রাতে অন্তঃসত্ত্বা মেয়ের খোঁজ নিতে তাঁর মা-বাবা বামনার শ্বশুরবাড়িতে যান। রবিবার সকালে তাঁরা সুলেখাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের দাবি, তাঁর গলায় কালশিটে দাগ ছিল, যা দেখে তাঁদের খুনের সন্দেহ হয়। খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতার পরিবারের পক্ষ থেকে স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পুলিশের ভূমিকার প্রতিবাদে সোমবার রাতে মৃতদেহ রাস্তায় রেখে এলাকাবাসী প্রায় তিন ঘন্টা ঘন্টা রাস্তা অবরোধ করেন। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে।