নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অপরিচিত ব্যক্তির কথা শুনে মোবাইল ফোনে অ্যাপ ডাইনলোড করে ৭ লক্ষ টাকা খোয়ালেন বাগুইআটির এক মহিলা। ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে তাঁকে ফোন করা হয়েছিল। প্রতারিত মহিলা সোমবার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, সল্টলেকের এক বৃদ্ধাও ১ লক্ষ ৭৫ হাজার টাকার সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তাঁর অজান্তেই অ্যাকাউন্ট থেকে দু’টি ট্রানজাকশনে ওই টাকা তুলে নিয়েছে প্রতারকরা। এ ব্যাপারে তিনি রবিবার বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার কাছে হোয়াটসঅ্যাপে ফোন এসেছিল। একটি বেসরকারি ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারকরা তাঁকে বলে, আপনার ডেবিট কার্ড ব্লক হয়ে গিয়েছে। ঠিক করতে হবে। তার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রতারকদের গাইডলাইন মতো তিনি ওই অ্যাপ ডাইনলোড করেন। তারপরই তাঁর ফোন হ্যাক হয়ে যায়। তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৭ লক্ষ ১৬ হাজার টাকা। সাইবার বিশেষজ্ঞদের কথায়, অপরিচিত কারও কথায় অ্যাপ ডাইনলোড করা চলবে না। কারণ, ওই ধরনের অ্যাপ ডাউনলোড করা মাত্রই গ্রাহকের ফোনের অ্যাকসেস প্রতারকদের হাতে চলে যায়। ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা হলে সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।



