সংবাদদাতা, খড়্গপুর: আজ, বৃহস্পতিবার সাতসকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। জখম একাধিক। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর গ্রামীণ থানার মাদপুর ঘাট সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা যায়, এদিন লালগড় থেকে দুটি গাড়িতে করে মাদপুরে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। মাদপুর ঘাটের কাছে উল্টো দিক থেকে আসা ট্রাকটি ওই গাড়ি দুটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে দুটি গাড়ির সামনের অংশই দুমড়ে-মুচড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। জখম হয়েছেন একাধিক পুরুষ ও মহিলা শ্রমিক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।



