Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলুড়ের জগন্নাথ ঘাটে তলিয়ে গেলেন মহিলা

ঈদের সকালে গঙ্গায় নেমে এক মধ্যবয়সি মহিলার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বেলুড়ের জগন্নাথ ঘাটে।

বেলুড়ের জগন্নাথ ঘাটে তলিয়ে গেলেন মহিলা
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ঈদের সকালে গঙ্গায় নেমে এক মধ্যবয়সি মহিলার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বেলুড়ের জগন্নাথ ঘাটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বেলুড় থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলাকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করলেও এদিন সন্ধ্যা পর্যন্ত মহিলার খোঁজ মেলেনি। তাঁর নাম-পরিচয়ও এখনও জানা যায়নি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই মহিলা ঘাটে এসে জুতো খুলে সোজা গঙ্গায় নেমে যান। সেই সময় গঙ্গায় জোয়ারের যথেষ্ট টান ছিল এবং ঘাট পর্যন্ত জল টইটম্বুর ছিল। স্থানীয়দের দাবি, মহিলা কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে গভীর জলে নেমে যান। ঘাটে উপস্থিত কয়েকজন তাঁকে সতর্ক করলেও তাতে কর্ণপাত করেননি তিনি। এরপর তিনি ডুব দেওয়ার পর আর না ওঠায় চিৎকার শুরু করেন সেখানে থাকা লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরাও তল্লাশি শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরেই এই ঘাটে চার-পাঁচজন জলে ডুবে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে বালক, কিশোর থেকে বয়স্করাও রয়েছেন। কেউ স্নান করতে নেমে, আবার কেউ কাপড় কাচতে গিয়ে হঠাৎ বান বা জোয়ারের টানে তলিয়ে গিয়েছেন। পরপর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অনেকেই এই ঘাটকে ‘মরণ ঘাট’ বলেও উল্লেখ করতে শুরু করেছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বালির সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক সঞ্জয় সিং গঙ্গার ঘাটগুলিতে ডুবে যাওয়ার ঘটনা রুখতে ‘হুইসল ম্যান’ নিয়োগের প্রস্তাব দেন। তাঁর দাবি, পুরসভার অতিরিক্ত কর্মীরা ঘাটে বাঁশি নিয়ে মোতায়েন থাকবেন। বান এলে তাঁরা হুইসল বাজিয়ে মানুষকে সতর্ক করবেন এবং প্রয়োজনে উদ্ধার কাজেও নামবেন। উদ্ধারে ব্যবহৃত সরঞ্জামও পুরসভা থেকে দেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন।

সম্পর্কিত সংবাদ