সংবাদদাতা, ডোমকল: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাস। অথচ, বিয়ের কথা বলতেই বেঁকে বসে প্রেমিক। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন প্রেমিকা। অভিযোগ, ধর্না চলাকালীন ওই যুবতীকে অপমান করেছিল তাঁর প্রেমিকের বাড়ির লোকজন। তার জেরেই অভিমানী হয়ে ধারালো অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার রাতে ডোমকল থানা এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ডোমকল থানার পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ডোমকলের ওই যুবতীর সঙ্গে একই থানা এলাকার এক যুবকের পরিচয় হয়। তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, প্রেমের সম্পর্কে থাকাকালীন একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিল প্রেমিক। কিন্তু, বিয়ের কথা বলতেই প্রেমিক বেঁকে বসে। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন প্রেমিকা। অভিযোগ, ধর্না চলাকালীন ওই যুবতীকে অপমান করেছিল প্রেমিকের বাড়ির লোকজন। আর তাতেই অভিমানী হয়ে ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবতী। স্থানীয় মানুষজন তাঁকে আটকায়। খবর পেয়ে পুলিস পৌঁছে ওই যুবতীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন থাকার পর ওই যুবতীকে ছেড়ে দেওয়া হয়। যুবতী বলেন, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আমার সঙ্গে সহবাসও করেছে একাধিকবার। কিন্তু, বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমি ধর্নায় বসি। আমি ওকেই বিয়ে করতে চাই। যদিও ওই যুবকের পরিবারের এক সদস্য বলেন, আমরা কিছুই জানি না। ওই মেয়েই আমাদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে।



