Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশন থেকে অপহরণের ছ’দিন পর গ্রেপ্তার মহিলা, রাজস্থানে শিশুকন্যা বিক্রি?

হাওড়া স্টেশন থেকে তিন বছরের শিশুকন্যা অপহরণের ছ’দিনের দিনের মাথায় পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করল রেল পুলিস।

হাওড়া স্টেশন থেকে অপহরণের ছ’দিন পর গ্রেপ্তার মহিলা, রাজস্থানে শিশুকন্যা বিক্রি?
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদাতা, উলুবেড়িয়া: হাওড়া স্টেশন থেকে তিন বছরের শিশুকন্যা অপহরণের ছ’দিনের দিনের মাথায় পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করল রেল পুলিস। মঙ্গলবার রাতে হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়া এলাকা থেকে শাহনারা বেগম নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে সম্ভবত রাজস্থানে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অনুমান রেল পুলিসের। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।

Advertisement

৫ মার্চ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে এক মহিলার তিন বছরের শিশুকন্যাকে অপহরণের অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা ওই মহিলা নিজের সাত বছর ও তিনবছরের দুই কন্যাকে নিয়ে আগের দিন ব্যক্তিগত কাজে হুগলি গিয়েছিলেন। ফিরতে দেরি হয়ে যাওয়ায় দুই সন্তানকে নিয়ে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মেই রাত কাটান তিনি। সেখানেই শাহনারা বেগম নামের ওই মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরদিন সকালে মহিলার তিন বছরের শিশুকে নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। রেল পুলিসের দ্বারস্থ হন অসহায় মা। হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস জানতে পারে, শিশুটিকে নিয়ে ওই মহিলাকে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে হয়ে স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডের দিকে গিয়েছে। কিন্তু তারপর তার আর হদিশ মেলেনি। শুরু হয় চিরুনি তল্লাশি।
রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৮ মার্চ ট্রেনে চেপে হুগলির ফুলেশ্বর স্টেশনে নেমেছিল অভিযুক্ত শাহনারা। সেখান থেকে একটি টোটো ধরে উলুবেড়িয়া এসডিও অফিসের কাছে নামে সে। এরপর কোর্টের দিকে শেষবার তাকে যেতে দেখা যায়। আশপাশের সমস্ত বাস রুট ও লঞ্চ ঘাটে তল্লাশির পর পুলিস নিশ্চিত হয়, উলুবেড়িয়াতেই কোথাও লুকিয়ে রয়েছে অভিযুক্ত। টোটো চালক থেকে স্থানীয় বাসিন্দা, অনেককেই জিজ্ঞাসাবাদ করে রেল পুলিস। সেই সূত্র ধরে মঙ্গলবার গভীর রাতে উলুবেড়িয়ার কুলগাছিয়া বেলতলা পোটোপাড়ার একটি বাড়ি থেকে শাহনারাকে গ্রেপ্তার করা হয়। তবে তার কাছে শিশুটিকে পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, রাজস্থানের কোনও এক দম্পতির কাছে আগেই শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযুক্ত মহিলাকে হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। রেল পুলিসের এক আধিকারিক বলেন, ‘ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি শিশু অপহরণের ঘটনায় আরও কেউ বা কারা জড়িত রয়েছে কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। অপহৃত শিশুটিকে উদ্ধার করতে রাজস্থানে টিম পাঠানো হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ