নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাকিমপুর সীমান্তে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধারের ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করল স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে মোট ১৩ হাজার ৫০০ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা। ধৃতের নাম মুন্নি বিবি। বাড়ি হাকিমপুর উত্তরপাড়ায়। কোথা থেকে ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা তাঁর কাছে এল এবং তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এক মহিলার উপর নজরদারি শুরু করেন। পরে তাঁকে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার হয়। এরপর উদ্ধার হওয়া ডলার সহ ওই মহিলাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেন বিএসএফ জওয়ানরা।



