Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কোলাহল না থাকলে খেলার মজাটাই হারিয়ে যায়: রোহিত

রোহিত শর্মা বলেন, কোলাহল না থাকলে খেলার মজা হারিয়ে যায়। লর্ডসে ১৩৮ রানের ইনিংসের পর তাঁর গুরুত্বপূর্ণ মন্তব্য। বিস্তারিত পড়ুন।

কোলাহল না থাকলে খেলার মজাটাই হারিয়ে যায়: রোহিত
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: অবসর নিয়ে জল্পনাই হোক বা পারফরম্যান্স নিয়ে সমালোচনা, কোনোকিছুই স্পর্শ করে না রোহিত শর্মাকে। লর্ডসে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের ম্যাচে অনবদ্য ১৩৮ রান অবশ্য মুম্বইকরের জবাব হয়ে উঠেছে। ভারতকে জেতাতে না পারলেও তাঁর এই ইনিংস জল ঢেলে দিয়েছে ভবিষ্যৎ নিয়ে আলোচনার আগুনে। স্বয়ং রোহিত অবশ্য উদাসীনতার সঙ্গে বিসিসিআই টিভিতে বলেছেন, ‘আমার কাজটা হল ব্যাট হাতে অবদান রাখা। অভিষেকের সময় থেকে এটাই করে আসছি। বাইরের কথাবার্তা তখনও ছিল। যতদিন খেলব, ততদিনই তা থাকবে। আমার কাছে এর কোনো মূল্য নেই। তবে হ্যাঁ, এমন কোলাহল না থাকলে আবার খেলার মজাটাই হারিয়ে যায়। আমার কাজটা মাঠের ভিতরে, আর সমালোচকদের কাজটা বাইরে। এভাবেই আমি বিষয়টাকে দেখি।’

Advertisement

রবিবার বিরাট কোহলির সঙ্গে জুটিতে ৮৬ বলে ১১৩ রান যোগ করেন রোহিত। একসঙ্গে খেলা নিয়ে তাঁর মন্তব্য, ‘পুরো কেরিয়ারটাই আমরা একসঙ্গে খেলেছি। তাই বিরাটের সঙ্গে পার্টনারশিপ গড়ে উঠলে ভালোই লাগে। আমাদের অনেক বড়ো রানের জুটিও রয়েছে। একে অন্যকে বুঝে এগই আমরা। ভাবনার আদান-প্রদানও হয়।’ উল্লেখ্য, ভারতের প্রবীণতম ক্রিকেটার হিসেবে মহিন্দার অমরনাথকে টপকে গেলেন ৩৯ বছর বয়সি হিটম্যান।
একদিনের ক্রিকেটে নিজের ৩৪তম শতরানের ইনিংস নিয়ে রোহিতের মূল্যায়ন, ‘ইংল্যান্ডে খেলতে ভালো লাগে। এখানকার আবহ, মাঠ ও পিচে অন্যরকম চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকে। একজন ক্রিকেটার এই চ্যালেঞ্জটাই চায়। তবে ওডিআই সিরিজ হেরে হতাশ। বার্মিংহামে সিরিজের শুরুটা ভালো হয়েছিল। কার্ডিফে যদিও যথেষ্ট রান তুলতে পারিনি। তবে লর্ডসে ৩৮৮ রানের বিশাল টার্গেট তাড়া করেও কাছাকাছি পৌঁছেছিলাম। এটাই ইতিবাচক দিক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ