নয়াদিল্লি: ইথানল মিশ্রিত পেট্রল (ই-২০) বিক্রি নিয়ে ক্রমাগত সমালোচনায় বিদ্ধ হচ্ছে কেন্দ্রীয় সরকার। ই-২০ ব্যবহারের ফলে গাড়ি মাইলেজ কমে যাওয়া সহ বিভিন্ন ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এই পরিস্থিতিতে ইথানল মেশানো পেট্রলের সুবিধা নিয়ে মরিয়া প্রচার চালাচ্ছে কেন্দ্র। শনিবার তারা কেন্দ্র দাবি করেছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১৩৫ ডলারে পৌঁছেছে। তাই ইথানল মেশানো না হলে, ভারতে পেট্রলের দাম প্রতি লিটারে ১২৫ টাকায় পৌঁছে যেত। সংসদে কেন্দ্রীয় পেট্রলিয়াম ও গ্যাস মন্ত্রকের তরফে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন ভারতে পেট্রলের দাম প্রতি লিটার ৯৪ টাকা ৭৭ পয়সা ছিল। ফলে দেশবাসীর প্রায় ৩০ টাকা সাশ্রয় হয়েছে। মন্ত্রকের দাবি, পেট্রলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো এবং আগে থেকে নির্ধারিত দামে ইথানল কেনার ফলেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁলেও তার ধাক্কা দেশের খুচরো জ্বালানির বাজারে পড়েনি।



