নিজস্ব প্রতিনিধি, মালদহ, রায়গঞ্জ ও সংবাদদাতা, হিলি: পুজোর আগে শেষ শনিবার। ফলে কেনাকাটার ধুম তুঙ্গে। চাঙ্গা বাজার। শুধু জামাকাপড়ের দোকান নয়, সাজের দোকানে উপচে পড়ে মহিলাদের ভিড়। জুতোর দোকানে ছিল লম্বা লাইন। কেনাকাটার সঙ্গে দেবীপক্ষের সন্ধ্যায় প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েন মানুষজন। মালদহ সহ গৌড়বঙ্গের বাকি দুই জেলায় বিগ বাজেটের পুজো মণ্ডপগুলির সামনে ভিড় জমান বহু মানুষ। মুঠোফোনে ওঠে সেলফি।
এদিন সন্ধ্যায় ইংলিশবাজারে শিবাজী সংঘের প্যান্ডেল উদ্বোধন হয়। ফলে তাদের রুপোর মণ্ডপের সামনে ছিল ভিড়। ইংলিশবাজারের শান্তি ভারতী পরিষদের পুজো উদ্বোধন আজ, রবিবার। আসছেন সংগীত শিল্পী অরুণিতা কাঞ্জিলাল। সেখানেও প্যান্ডেলের কাজ প্রায় শেষ। এসে গিয়েছে প্রতিমা। ফলে পুজোর বাজার সেরে অনেকে ভিড় জমান সেখানেও। মার্কেটিং, প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি রেস্তরাঁয় খাওয়াদাওয়া সেরে বাড়ি ফেরেন বহু মানুষ। যার কারণে নামী রেস্টুরেন্টগুলিতে তিল ধারণের জায়গা ছিল না। নজরকাড়া ভিড় চোখে পড়েছে ফাস্টফুডের দোকানগুলিতেও। পুজোর উপহার হিসাবে জেন জি’র এখন প্রথম পছন্দ ইলেকট্রনিক গ্যাজেট। ফলে সেসবের দোকানেও নজরকাড়া ভিড়। পুজোয় সোনা কিনতে চান অনেকে। ফলে ক্রেতা টানতে বিভিন্ন স্বর্ণবিপণী সংস্থা আকর্ষণীয় ছাড় দিচ্ছে। মালদহের চিত্তরঞ্জন মার্কেট, নেতাজি কমার্শিয়াল মার্কেট কিংবা রায়গঞ্জের মোহনবাটির বাজার সংলগ্ন বিপণী থেকে শুরু করে লাইন বাজার লাগোয়া পোশাকের দোকানগুলিতে থিকথিকে ভিড় ছিল এদিন সন্ধ্যায়। কথায় বলে, বঙ্গনারী শাড়িতেই সবচেয়ে সুন্দর। এবারের পুজোয় কারদানা জামদানি, মিরর ওয়ার্ক জামদানির চাহিদা তুঙ্গে। দাম দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা। সঙ্গে ভালো কাটতি রয়েছে মাশরু কাতান শাড়ির। বিষ্ণুপুরী, তসর, ভাগলপুরি শাড়ি তো আছেই।
মালদহে এবার পুজোয় ছেলেদের পোশাকে স্টেট প্যান্ট কিংবা ব্যাগি প্যান্টের চাহিদা সবচেয়ে বেশি। মেয়েদের পোশাকের মধ্যে হিট শারারা, কো-অর্ড সেট কিংবা ওয়েস্টার্ন বডিকন। শ্রাগ ও কেপ স্টাইল লেহেঙ্গার দারুণ কদর। টিস্যু কিংবা সিল্কের উপর স্টোন দেওয়া শাড়ির বাজার ভালো।
রায়গঞ্জ শহরের এক পোশাক বিপণীর কর্ণধার প্রবাল সাহা বলেন, পুজোর আগে এই ক›টা দিন শুধু শহর নয়, পার্শ্ববর্তী গ্রামাঞ্চল এমনকি বিহারের কিছু খরিদ্দার রায়গঞ্জ শহরে পুজোর কেনাকাটা করেন। বাচ্চাদের রেডিমেড পোশাক, মহিলাদের পোশাকের চাহিদা বেশি।
মহালয়ার ছুটির দিনে জমে ওঠে বালুরঘাটের পুজোর বাজার। এদিন সকাল থেকে শহরের বিভিন্ন এলাকার কাপড়ের দোকানের পাশাপাশি শহরের বিভিন্ন শপিংমলে ক্রেতাদের ভিড় উপচে পড়ে। শহরের রঘুনাথপুর থেকে শুরু করে মঙ্গলপুর এলাকা, গীতাঞ্জলি মার্কেট, তহ বাজার, ডানলপ মোড় সহ বিভিন্ন এলাকায় কেনাকাটা করতে ক্রেতারা ভিড় জমান বহু মানুষ। কাপড়ের দোকানের পাশাপাশি ইমিটেশনের দোকানে উপচে পড়ে মহিলাদের ভিড়। আজ, রবিবার পুজোর বাজারে ভিড় আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।



