বোস্টন: শেষ দু’টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। এবার সেই যন্ত্রণাদায়ক অতীতকে পিছনে ফেলে প্রথম দু’ম্যাচ জিতে নক-আউটের টিকিট নিশ্চিত করেছিল জার্মানি। তবে গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে পরাজয় জোরদার ধাক্কা হয়ে ওঠে জুলিয়ান নাগেলসম্যানের ছেলেদের কাছে। শুরুতে লিড নিয়েও ১-২ ব্যবধানে বশ মানে চারবারের চ্যাম্পিয়নরা। নক-আউটের লড়াইয়ে নামার আগে যা অবশ্যই চিন্তায় রাখছে জার্মান কোচকে। সোমবার রাউন্ড অব ৩২-এ ন্যুয়েরদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ‘ডি’ গ্রুপের তৃতীয় দল তারা। কৌলিন্য ও শক্তির নিরিখে দু’দলের মধ্যে বিস্তর ফারাক। তবে বিশ্বকাপের আসরে পচা শামুকে পা কাটার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। তাই শেষ ষোলোর টিকিট নিশ্চিতের লক্ষ্যে সেরা ফুটবল মেলে ধরতে মরিয়া বেকেনবাওয়ারের দেশ।
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল হজম করেছে জার্মানি। তাই প্যারাগুয়ে ম্যাচের আগে রক্ষণ সংগঠনে বাড়তি জোর দিচ্ছেন নাগেলসম্যান। চোটের কারণে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন নিকো শ্লটারবেক। তাই রক্ষণে রুডিগার আর জনাথন তা’কে রেখেই দল সাজাবেন জার্মান কোচ। এছাড়া তেমন কোনো পরিবর্তনের সম্ভবনা নেই। আপফ্রন্টের ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন থাকছেই। বিশেষত ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে থাকা সানে, মুসিয়ালা, রিটজরা এখনও নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। প্রথম ম্যাচে জোড়া গোল করা কাই হাভার্টের খেলাতেও রয়েছে ধারাবাহিকতার অভাব। তা সত্ত্বেও সোমবার প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে আক্রমণাত্মক ফুটবলই হাতিয়ার নাগেলসম্যানের।
অন্যদিকে, আমেরিকার কাছে প্রথম ম্যাচে ১-৪ ব্যবধানে হারের পর দুরন্ত কামব্যাক করেছে প্যারাগুয়ে। তুরস্ককে হারানোর পাশাপাশি গত ম্যাচে অস্ট্রেলিয়াকে রুখে দিয়েছে তারা। তাতেই নক-আউটের টিকিট নিশ্চিত হয়। অতীতে একাধিকবার বড়ো দলগুলিকে বেগ দেওয়া চিলাভার্টের উত্তরসূরিরা জার্মানিকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি। তাদের ‘রাফ অ্যান্ড টাফ’ ফুটবল জার্মানরা কিভাবে সামাল দেয় তার উপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য।