নিউ ইয়র্ক: বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুদূষণ নিয়ে ঘোর দুশ্চিন্তায় আয়োজকরা। কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকেছে গোটা নিউ ইয়র্ক অঞ্চল। আকাশের রং হয়ে উঠেছে কমলা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, এই পরিস্থিতিতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে প্রশাসন। বিশেষ প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের উপর এসে পড়েছে। বাতাসের মান এতটাই বিপজ্জনক স্তরে পৌঁছেছে যে, প্রত্যেকেরই স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে।’
কানাডায় বর্তমানে ৮৩৫টি দাবানলের মধ্যে ১১২টি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। আর সেই ধোঁয়ার প্রভাব শুধু নিউ ইয়র্কেই নয়, বরং পুরো উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়েছে। তবু দূষণের তোয়াক্কা না করে বুধবার স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এনডব্লুএসএল-এর দুই দল গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিট। ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে খেলতে গিয়ে রীতিমতো জেরবার ফুটবলাররা। বাধ্য হয়ে প্রতি অর্ধে দু’বার জলপানের বিরতি ঘোষণা করেন রেফারি। অস্বাস্থ্যকর আবহাওয়ায় ম্যাচ জারি রাখার জন্য ক্ষোভ উগরে দেয় দুই শিবিরই। এই অবস্থায় বিশ্বকাপের ফাইনাল নিয়ে জমাট বাঁধছে চিন্তার মেঘ। যদিও আবহাওয়া দফতর কিছু আশার বাণী শুনিয়েছে। শুক্রবার থেকে বাতাসের মানের ক্রমশ উন্নতি ঘটতে পারে বলে জানিয়েছে তারা। তাছাড়া শনিবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ফলে ধোঁয়াশা খানিকটা কাটার সম্ভাবনা। আপাতত সেই আশাতেই বুক বাঁধছেন ফুটবলপ্রেমীরা। এ বিষয়ে ফিফা এখনও কোনো বিবৃতি দেয়নি।