মিরাট: স্বামীকে খুনের পর টুকরো টুকরো করে দেহ ভরেছিল নীল ড্রামে। উত্তরপ্রদেশের মিরাটে বহুল আলোচিত প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা মামলায় তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে দোষীসাব্যস্ত করল স্থানীয় আদালত। দীর্ঘ ১৩ মাস মামলা চলার পর বুধবার জেলা বিচারক অরবিন্দ কুমার মিশ্র এই রায় দেন। আসামীদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে। এই মামলায় মোট ১২৬টি শুনানি এবং ২২ জন প্রত্যক্ষদর্শীর বিবরণ নেওয়া হয়েছে। বিচারক তাঁর রায় দিতে গিয়ে বলেন, এধরনের নৃশংস অপরাধ সমাজে আতঙ্ক ও ভয়ের পরিবেশ তৈরি করেছে। আদালত সূত্রে খবর, ২০২৫ সালের ৩ মার্চ মিরাটের ইন্দ্রনগর এলাকায় নিজেদের বাড়িতেই সৌরভকে ছক কষে হত্যা করা হয়। মুসকান তাঁর স্বামীর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তিনি অচৈতন্য হয়ে পড়লে সেখানে হাজির হয় সাহিল শুক্লা। এরপর দু’জনে মিলে সৌভরকে কুপিয়ে হত্যা করে। বাথরুমে নিয়ে গিয়ে দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরতি করে রাখে। এরপর বালি, সিমেন্ট ও জল ঢেলে ড্রামটি পুরোপুরি সিল করে দেওয়া হয়। হত্যাকাণ্ডের পরদিনই দু’জনে হিমাচল প্রদেশে হানিমুন করতে যায়। এদিকে সৌরভের খোঁজ না পেয়ে তাঁর পরিবার পুলিশের দ্বারস্থ হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ওই সিল করা ড্রামটি কেটে সৌরভের দেহাংশ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় মুসকান ও তার প্রেমিক সাহিলকে।



